জেলা পরিষদ নির্বাচনের পর আরও অন্তত দুটি স্থানে সহিংসতা ও অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। শরীয়তপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী একজন সদস্য প্রার্থীর সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ১০টি বাড়িতে হামলা-ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন। এ ছাড়া সিরাজগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ায় লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক ইউপি সদস্য।
শরীয়তপুর জেলা পরিষদের নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আলম বয়াতি জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সোহেল মোড়ল। নড়িয়া থানার পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, স্থানীয় শাওরা গ্রামের দবির চোকদার সোহেল মোড়লের এবং সিরাজ চোকদার ও জুলহাস মাদবর আলম বয়াতির সমর্থক। এই দুই সূত্র জানায়, নির্বাচনের দিন ফল ঘোষণার পর আলম বয়াতির সমর্থকেরা সোহেল মোড়ল ও তাঁর সমর্থকদের একটি কেন্দ্র থেকে বের করে দেন। এর জের ধরে গত বৃহস্পতিবার ডগ্রি বাজারে দুই পক্ষের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। পরে ওই দিনই রাত আটটার দিকে আলম বয়াতির সমর্থকেরা দবির চোকদারের আত্মীয়স্বজনসহ ১০ সমর্থকের বাড়িতে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করেন। এ সময় সংঘর্ষে আহত হন পাঁচজন। গতকাল শুক্রবার সকালে জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা শাওরা গ্রাম পরিদর্শন করেন।
দবির চোকদার বলেন, ‘আমি গ্রামের বাইরে ব্যবসা করি। কারও সঙ্গে কোনো বিরোধ নেই। আমার আত্মীয়স্বজন নির্বাচনে এক প্রার্থীকে সমর্থন দিয়েছিল। এ কারণে আলম বয়াতির সমর্থক সিরাজ ও জুলহাস কয়েক শ লোক নিয়ে আমাদের ১০টি বাড়িতে হামলা চালিয়েছেন। লুট করেছেন ঘরের জিনিসপত্র।’
শাওরা গ্রামে গিয়ে সিরাজ চোকদার ও জুলহাস মাদবরকে পাওয়া যায়নি। তাঁদের বাড়ি তালাবদ্ধ পাওয়া যায়। তবে আলম বয়াতি বলেন, ‘ওই এলাকা থেকে আমার বাড়ি অনেক দূরে। কারা এ হামলা চালিয়েছে, তা জানা নেই।’
শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার তানভির হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে আমরা আলাপ করেছি। তাঁরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইউপি সদস্য লাঞ্ছিত
সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নের ৭ নম্বর বোয়ালিয়া ওয়ার্ডের সদস্য সুলাইমান হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ তাঁর পছন্দের প্রার্থী জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী মর্জিনা খাতুনকে ভোট না দেওয়ার অভিযোগ করে তাঁর (সুলাইমান) সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি তাঁকে লাঞ্ছিত করে ইউপি কার্যালয় থেকে বের করে দিয়ে আগামী পাঁচ বছরের জন্য সেখানে যেতে নিষেধ করেন।
তাড়াশ প্রেসক্লাবে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ার্ড সদস্য সুলাইমান এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের লিখিতভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে বাবুল শেখ বলেন, ‘জন্মনিবন্ধন নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে পাশের কক্ষে (ইউপি সদস্যের) যেতে বলা হয়েছিল। তাঁকে বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য মিথ্যা কথা রটানো হচ্ছে।’