শরীয়তপুরে ১১টি বিষয়ের বই পায়নি মাধ্যমিকের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ১১৬টি মাধ্যমিক বিদ্যালয়ে তিনটি শ্রেণির ১১টি বই এখনো পৌঁছেনি। এক মাসেও বই না পৌঁছায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কবে এসব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে তা-ও বলতে পারছে না মাধ্যমিক শিক্ষা বিভাগ।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ শুরু হয়। জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ১১৬টি বিদ্যালয়ের বই দেওয়ার কার্যক্রম শেষ হয়ে যায়। বই সরবরাহ না থাকায় নবম শ্রেণির গণিত, পদার্থবিজ্ঞান, ভূগোল, ধর্ম, হিসাববিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ব্যবসায় উদ্যোগ; অষ্টম শ্রেণির ধর্ম, আনন্দপাঠ ও বাংলা প্রথম পত্র এবং সপ্তম শ্রেণির আনন্দপাঠ বই শিক্ষার্থীদের দেওয়া সম্ভব হয়নি। এসব বই না পাওয়ার কারণে শিক্ষাবর্ষের এক মাস অতিবাহিত হলেও শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিষয়ে পড়ালেখা করতে পারছে না।

শরীয়তপুর শহরের পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তানভির আহম্মেদ জানায়, তারা নতুন বই পেয়েছে প্রায় এক মাস হয়েছে। কিন্তু সাতটি বিষয়ের বই এখনো পায়নি তারা। ওই বইগুলো না পাওয়ায় তাদের ওই বিষয়ের পড়ালেখা হচ্ছে না। একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সৌরভ ভাওয়াল জানায়, অষ্টম শ্রেণির তিনটি বই তারা পায়নি। বই না পাওয়ায় তাদের ওই বিষয়ের ওপর কোনো পড়ালেখা করানো হচ্ছে না। পড়ালেখা না করে তাদের এক মাস কেটে গেছে।

শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা রানী দে জানায়, সাতটি বিষয়ের বই না পাওয়ায় তাদের পড়ালেখায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ওই বইগুলো খোলা বাজারে না পাওয়ায় তারা কিনতেও পারছে না। শিক্ষাবর্ষের একটি মাস নষ্ট হয়ে গেল, এতে ফলাফলের ওপর প্রভাব পড়তে পারে।

পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘তিনটি শ্রেণির ১১টি বিষয়ের বই এখনো আমাদের বিদ্যালয়ে আসেনি। শিক্ষা অফিসে খোঁজ নিয়েছি, তাঁরাও বলতে পারছেন না কবে বইগুলো পাওয়া যাবে।’

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নলিনী রঞ্জন রায় বলেন, ‘মুদ্রণে সময় লাগার কারণে কয়েকটি বিষয়ের বই শরীয়তপুরে পৌঁছায়নি। কবে নাগাদ বইগুলো পৌঁছাবে তা-ও বলতে পারছি না। দ্রুত বই সরবরাহ দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।’