শরীয়তপুরে ১৫টি দোকান পুড়ে গেছে
শরীয়তপুরে দুটি স্থানে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচ ব্যবসায়ী ও উত্তেজিত জনতার হামলায় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে জাজিরা উপজেলার কাজিরহাট বাজারে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের অন্য দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে দুটি দোকান পুড়ে যায়।
এদিকে, দুপুর সাড়ে ১২টার দিকে নড়িয়া বাজারের একটি হোটেলে আগুন লাগে। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৩টি দোকান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাঁচজন ব্যবসায়ী আহত হন। তাঁরা হলেন আবদুল আজিজ, বাঁধন, লাল মিয়া শেখ, জলিল বেপারী ও দ্বীন ইসলাম। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।