শরীয়তপুরে ১৭ দিন ধরে আদালত বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজীবী সমিতির আহ্বানে শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত বর্জন চলছে। জেলা ও দায়রা জজ ফজলুর রহমানের অনিয়ম, আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিচারকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন না করার অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবি জানায় জেলা আইনজীবী সমিতি। গত ২৫ আগস্ট থেকে আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এতে সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আইনজীবী সমিতি সূত্র জানায়, জেলা ও দায়রা জজকে শরীয়তপুর থেকে প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন শুরু করেন আইনজীবীরা। গত ২৪ আগস্ট রাতে আইনজীবী সমিতির এক জরুরি সভায় আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরের দিন থেকে আদালত বর্জন চলতে থাকে। গতকাল রোববার পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় আদালত বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতি। নারী ও শিশু নির্যাতন বিশেষ আদালতের বিচারপ্রার্থী গোসাইরহাট উপজেলার কোদালপুর গ্রামের ইলিয়াছ আহম্মেদ ও জাহাঙ্গীর মিয়া বলেন, ‘শরীয়তপুরের আইনজীবীরা জেলা জজ আদালত বর্জন করেছেন, তা আমাদের জানা ছিল না। ধার্য তারিখ থাকায় তাঁরা এসেছেন।’ শরীয়তপুর সদর উপজেলার দাদপুর গ্রামের সালেহা বেগম বলেন, ‘জেলা ও দায়রা জজ আদালত আইনজীবীদের বর্জনের কারণে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করতে পারছি না। এখন আমরা কোথায় যাব?’ আইনজীবী সমিতির সভাপতি রাশিদুল হাসান বলেন, জেলা ও দায়রা জজের বিরুদ্ধে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি বিচারপ্রার্থী ও আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাঁকে প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান বলেন, ‘আইনজীবী সমিতি থেকে একটি চিঠি দিয়ে আদালত বর্জনের বিষয়টি আমাদের জানানো হয়েছে।’