শরীয়তপুরে ১৮ গ্রামে ভাঙন, ৬০ গ্রাম প্লাবিত

‘পদ্মা আমাগো সব কাইড়া নিছে। বসতভিটা, ফসলি জমি সব হারাইয়া নিঃস্ব হইছি। এহন কোথায় যাইয়া আশ্রয় লমু, জানি না। পোলাপান লইয়া খোলা আকাশের নিচে আছি।’ অসহায়ভাবে এসব কথা বলেন শরীয়তপুরের জাজিরা উপজেলার রাঢ়িকান্দি গ্রামের রোকসানা বেগম।
গত শুক্রবার পদ্মার ভাঙনে তাঁর বসতবাড়ি ও ফসলি জমি বিলীন হয়েছে। বাড়ির ঘর ও প্রয়োজনীয় আসবাব অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার পর্যন্ত ওই গৃহবধূ কোথাও নতুন করে বসতি গড়তে পারেননি।
শুধু রোকসানা বেগমই নন, এমন দুর্ভোগে পড়েছে নদীভাঙনের শিকার জাজিরা উপজেলার ১৮টি গ্রামের ৪০৫টি পরিবার।
শনিবার শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নদীতীরবর্তী ১৫টি ইউনিয়নের ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে। মানুষের বাড়ির উঠানে ও ঘরে পানি প্রবেশ করেছে। প্লাবিত এলাকায় গবাদিপশুর খাদ্য এবং খাদ্য ও পানির সংকট তৈরি হয়েছে।
গতকাল জাজিরা উপজেলার কাইজ্জারচর, মেছের মাদবরকান্দি, রাঢ়িকান্দি, চোকদারকান্দি, ইয়াকুব ব্যাপারীকান্দি ও নড়িয়া উপজেলার চর নড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামগুলোর অধিকাংশ বাড়িতে পানি প্রবেশ করেছে। গ্রামের অনেক বাসিন্দা ঘরের মধ্যে উঁচু মাচা তৈরি করে রেখেছে। গবাদিপশু নিয়ে তারা বিপাকে পড়েছে। অনেকে উঁচু স্থানে গবাদিপশু সরিয়ে নিয়েছে। তবে খাবার পানি ও গবাদি পশুর খাবারের সংকট সৃষ্টি হয়েছে। গ্রামগুলোতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনকবলিত লোকজন তাদের বসতঘর, আসবাব, বাড়ির গবাদিপশু নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে। বন্যার পানি প্রবেশ করায় জাজিরা ও নড়িয়া উপজেলার ১০ বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
নড়িয়া উপজেলার চরনড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, বিদ্যালয়ের ভেতর পানি প্রবেশ করায় শিশুরা আসতে পারছে না। তাই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
পদ্মার ভাঙনে বসতঘর ও ফসলি জমি সব হারিয়েছে জাজিরা উপজেলার ইয়াকুব ব্যাপারীকান্দি গ্রামের আবদুর রব চোকদার ও ফরিদা আক্তার দম্পতি। পরিবারের সদস্যদের নিয়ে কোথায় যাবে, তা তারা জানেন না। নদীতীরবর্তী একটি ফসলি জমিতে ঝুপড়ি তুলে তাঁরা শিশুদের নিয়ে আশ্রয় নিয়েছেন।
ফরিদা আক্তার বলেন, ‘আমরা নিঃস্ব হয়ে গেছি। খাবার কেনার টাকা নেই, আশ্রয় নেওয়ার জায়গা নেই। আল্লাহই জানেন আমাদের কপালে কী আছে। মাথার ওপর বৃষ্টি, নিচে বন্যার পানি ও পাশে নদীভাঙন। এমন পরিস্থিতিতে কে আমাদের সহায়তা করবে?’
জাজিরা উপজেলার রাঢ়িকান্দি গ্রামের অলি উল্লাহ রাঢ়ি বলেন, ‘তিন দিন যাবৎ বাড়িতে পানি প্রবেশ করেছে। ঘরের ভেতর পানি উঠে যাওয়ায় দুর্ভোগের মধ্যে পড়েছি। গবাদিপশু পাশের উঁচু রাস্তায় রাখতে হয়েছে। খাবার পানির সংকট সৃষ্টি হয়েছে। অন্য গ্রাম থেকে পানি সংগ্রহ করতে কষ্ট হচ্ছে।’
কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের ((ইউপি) সাবেক চেয়ারম্যান মোতালেব মাদবর বলেন, ‘দুই দিন ধরে পদ্মার ভাঙনের তীব্রতা বেড়েছে। আমার বাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে গেছে। খাজুরতলা বাজারটির ৮০টি দোকান যেকোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হাসান খান বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য রোববার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করার জন্য ছয় লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে। দ্রুত ওই সহায়তা বিতরণ করা হবে।