শরীয়তপুরে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে গত দুই মাসে একটি চক্র প্রতারণার মাধ্যমে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিক, ব্যবসায়ীসহ অন্তত ১৫০ জন চক্রটির প্রতারণার শিকার হয়েছেন। সর্বশেষ গোসাইরহাটের সাতজন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছ থেকে চক্রটি বিকাশের (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
প্রতারণার শিকার চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, গোসাইরহাট থানার কনস্টেবল শাহ্ আলম তাঁদের একটি মুঠোফোন নম্বর (০১৭১৯৭৫৩৮০৮) দিয়ে বলেন, ‘এটি শরীয়তপুরের বিচারিক হাকিম আমিনুল ইসলাম স্যারের। তিনি আপনাদের ফোন করবেন।’ ওই চেয়ারম্যানেরা জানান, গত বুধবার ওই নম্বর থেকে উপজেলার আটজন চেয়ারম্যানের কাছে ফোন আসে। ফোন করা ব্যক্তি নিজেকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমিনুল ইসলাম বলে পরিচয় দেন। ওই ব্যক্তি প্রত্যেক চেয়ারম্যানকে বলেন, ‘তাঁর বাসায় যে মেয়েটি কাজ করত তাঁর বাড়ি গোসাইরহাটে। তার মা ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে রয়েছে। মরদেহ আনতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা লাগবে। আপনি মেয়েটির পরিবারকে আর্থিকভাবে সহায়তা করুন।’
চেয়ারম্যানেরা তাঁর কথা বিশ্বাস করে টাকা দিতে রাজি হন। তখন ওই ব্যক্তি একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর (০১৭৯৩৫২৪৪২৪) চেয়ারম্যানদের দেন। সাতজন চেয়ারম্যান ওই বিকাশ নম্বরে ৬০ হাজার টাকা পাঠান।
সামন্তসার ইউপির চেয়ারম্যান আমির হোসেন বলেন, ‘থানার একজন কনস্টেবল গত মঙ্গলবার রাতে একটি মুঠোফোন নম্বর দিয়ে বলেন, এটি শরীয়তপুরের বিচারিক হাকিম আমিনুল ইসলামের নম্বর। তিনি আপনাদের ফোন করবেন। পরের দিন ওই নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে বলেন, তাঁর বাসার গৃহকর্মী আমার ইউনিয়নের বাসিন্দা। ওই গৃহকর্মীর মা ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, তাঁর মরদেহ আনতে টাকার প্রয়োজন। বিষয়টি সন্দেহ হলে বিচারিক হাকিম আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি একটি চক্র আমাদের সঙ্গে প্রতারণা করে টাকা নেওয়ার চেষ্টা করছে।’
জ্যেষ্ঠ বিচারিক হাকিম আমিনুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বেশ কিছুদিন যাবত একটি চক্র আমার নাম বলে বিভিন্ন স্থান থেকে টাকা নিচ্ছে। এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাটি আমি পুলিশকে অবহিত করেছি।’
প্রতারণার শিকার জেলার ছয়টি উপজেলার প্রায় ২০ জনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতারক চক্রের সদস্যরা বিশিষ্ট ব্যক্তিদের ফোন করে সরকারের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা বলে নিজেকে পরিচয় দেয়। মানুষের অসুস্থতা, লাশ দাফন ও মসজিদ নির্মাণের কথা বলে বিকাশ নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে বলে। চক্রটি একেকজনের কাছ থেকে পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছে।
গোসাইরহাট থানার কনস্টেবল শাহ্ আলম বলেন, ‘শরীয়তপুরের বিচারিক হাকিম পরিচয় দিয়ে এক ব্যক্তি থানায় ফোন করে বিভিন্ন ইউপি চেয়ারম্যানের মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। ওই ব্যক্তি তাঁর নম্বরটি সব চেয়ারম্যানদের দিতে অনুরোধ করেন। আমি কোনো কিছু না বুঝেই নম্বরটি ইউপি চেয়ারম্যানদের দিয়েছি।’
শরীয়তপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এহসান শাহ্ বলেন, ‘মাস দুয়েক আগে এক প্রতারক আওয়ামী লীগের এক নেতাকে ফোন করে আমার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) ভাই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি এমন তথ্য দেন। তাঁর চিকি ৎ সার জন্য ১০ হাজার টাকা প্রয়োজন। এ কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।’ বেশ কিছুদিন ধরে একটি চক্র শরীয়তপুরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে এভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রতারক চক্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।