শরীয়তপুরে ৪২টি ককটেল ও শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলার কবিরাজকান্দি গ্রামে অভিযান চালিয়ে ৪২টি ককটেল, রামদা, বল্লমসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ককটেল তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।ঘটনায় জড়িত সন্দেহে রশিদ কবিরাজ ও মোশারফ হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।দুটি পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানার নেতৃত্বে গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত এ অভিযান চলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কবিরাজকান্দি গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হক কবিরাজ এবং পাশের শিকদারকান্দি গ্রামের বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল আলমের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গতকাল দুই পক্ষ আবারও সংঘর্ষের প্রস্তুতি নেয়। পুলিশের অভিযান চলাকালে রশিদের ঘর থেকে ২২টি ও গ্রামের কবরস্থান থেকে ২০টি ককটেল, ককটেল তৈরির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার হয়। এদিকে বিকেল চারটার দিকে আওয়ামী লীগের একটি পক্ষ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। তারা ‘ককটেলবাজ সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেয়।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হক প্রথম আলোকে বলেন, এলাকায় দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। একটি পক্ষ ষড়যন্ত্র করে পুলিশের সহায়তায় ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধারের এ নাটক সাজিয়েছে। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল বলেন, ‘আমি ঢাকায় থাকি। এলাকায় কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে জড়িত নই।’জাজিরা থানার ওসি এনায়েত হোসেন গতকাল সন্ধ্যা সাতটার দিকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।