শরীয়তপুরে ৬০টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ৬০টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু। অনেক অভিভাবক তাঁদের শিশুদের পাশের গ্রামের বিদ্যালয়ে ভর্তি করেছেন। মেঠো পথ, খাল-বিল পেরিয়ে দূরের বিদ্যালয়ে যেতে আগ্রহ হারিয়ে ফেলেছে শিশুরা। পরবর্তী সময়ে বিদ্যালয়ে যাওয়ার পরিবর্তে তারা কৃষি ও ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছে।শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুরের জনসংখ্যা ১৬ লাখ। দুই হাজার মানুষের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় থাকার কথা। শরীয়তপুরে ৬৫টি ইউনিয়নে ৩৯৯টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শরীয়তপুর সদর উপজেলায় নয়টি, গোঁসাইরহাট উপজেলায় ১৫টি, ডামুড্যা উপজেলায় দুটি, জাজিরা উপজেলায় পাঁচটি, ভেদরগঞ্জ উপজেলায় ১৮টি ও নড়িয়া উপজেলায় ১১টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ওই সব গ্রামে তিন হাজার থেকে ছয় হাজার করে মানুষ বসবাস করে।এসব গ্রামে বিদ্যালয় না থাকায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের শিশুরা প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অভাব-অনটনের কারণে শিশু বয়সেই তাদের ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত করা হচ্ছে। শরীয়তপুরের বিভিন্ন হাটবাজার, হোটেল-রেস্তোরাঁ, ওয়ার্কসপ, গ্যারেজ ও বিভিন্ন কারখানায় শিশুরা ঝুঁকিপূর্ণ কাজ করছে। গ্রামের কৃষিজমিতে ও ইটভাটায় দিন দিন শিশুশ্রমিকের সংখ্যা বাড়ছে।নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামের আবদুস সালাম বলেন, গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। পাশের চান্দনী গ্রামের বিদ্যালয়ে তিনি ছেলেমেয়ে ভর্তি করেছেন। গ্রাম থেকে বিদ্যালয় দূরে হওয়ায় তারা নিয়মিত যেতে চায় না। গোঁসাইরহাট উপজেলার আনুয়াকাঠি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া (৯), রুবেল (১০) ও আনোয়ার (১১) জানায়, তাদের গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। দীর্ঘ মেঠো পথ ও খাল-বিল পার হয়ে পাশের কাশীখণ্ড গ্রামের বিদ্যালয়ে যেতে হয়। হেঁটে বিদ্যালয়ে যাতায়াত করে তারা ক্লান্ত হয়ে পড়ে। ফলে নিয়মিত তারা বিদ্যালয়ে যেতে পারে না।শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ফেরদৌস বলেন, যেসব গ্রামে বিদ্যালয় নেই, সেগুলোর তালিকা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুত ওই সব গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে।শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, শরীয়তপুরে ৬০টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুদের সমস্যা হচ্ছে। গ্রামগুলোর তালিকা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছু নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে শরীয়তপুরে নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।