শরীয়তপুরে ‘চোর ধরা’ সেই ভণ্ড ওঝা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ‘চোর ধরা’ সেই ভণ্ড ওঝা আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌর এলাকার মনোহর বাজার থেকে সহযোগী আউয়ালসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ওঝার গ্রেপ্তারের খবর পেয়ে বিভিন্ন সময় তাঁর কারণে ক্ষতিগ্রস্ত আট থেকে ১০ জন যুবক গতকাল শুক্রবার সদর থানায় ভিড় জমান। তাঁরা ওঝা ও তাঁর স্থানীয় সহযোগীদের বিচার দাবি করেন।সদর থানা ও স্থানীয় সূত্র জানায়, ওঝা আবদুর রহিম তাঁর সহযোগী সদর উপজেলার সুজনদোয়াল গ্রামের আউয়ালকে নিয়ে ১২ হাজার টাকার চুক্তিতে চোর ধরতে গোসাইরহাট যাচ্ছিলেন। খবর পেয়ে সদর থানার পুলিশ মনোহর বাজার থেকে তাঁদের আটক করে। দুজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সদর থানার পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, ওঝা রহিমের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। শরীয়তপুরে ১৫-২০ জনের তাঁর একটি প্রতারক চক্র রয়েছে। যার নেতৃত্ব দেন আউয়াল। এলাকায় চুরি হলে এই চক্র ওঝা রহিমকে এনে চোর ধরার আসর বসায়। যেখানে এলাকার দুই থেকে চারজন নিরীহ যুবককে নেশাদ্রব্যমিশ্রিত রুটি খাওয়ানো হয়। যুবকেরা অসুস্থ হলে তাঁদের চোর সাব্যস্ত করা হয়। তখন তাঁদের বিচারের নামে সালিসি বৈঠক হয়। জরিমানা করা হয় দুই থেকে চার লাখ টাকা। জরিমানার টাকা পরিশোধ করতে না পারলে চলে নির্যাতন, করা হয় এলাকাছাড়া। অনেক যুবক ভয়ে ভিটেমাটি, সহায়-সম্পদ বিক্রি করে টাকা পরিশোধ করেন।এমনি করে নেশাদ্রব্যমিশ্রিত রুটি খাইয়ে ওঝা আবদুর রহিম গত ১২ এপ্রিল পৌর এলাকার ধানুকা গ্রামের আবু আলেম মাদবরের বাড়িতে রিকশাচালক তাজুল ও হিল্লালকে চোর সাব্যস্ত করেন। এ নিয়ে পরের দিন ‘ভণ্ড ওঝাকে সঙ্গে নিয়ে এক প্রতিবেশীর কীর্তি’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। সদর উপজেলার দিদার, বাইশরশি গ্রামের রুহুল আমিনসহ ক্ষতিগ্রস্ত যুবকেরা গতকাল প্রথম আলোকে জানান, ওঝা আবদুর রহিম ও তাঁর প্রতারক চক্র তাঁদের নেশাদ্রব্যমিশ্রিত রুটি খাইয়ে চোর সাব্যস্ত করে। দুই থেকে তিন লাখ টাকা জরিমানা করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে নির্যাতন চালায়। তাঁরা জানান, ভণ্ড ওঝা আবদুর রহিমের গ্রেপ্তারের খবর পেয়ে তাঁরা থানায় যান। আবদুর রহিম ও তাঁর প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা করবেন। শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম প্রথম আলোকে বলেন, ‘শরীয়তপুরে ওঝা আবদুর রহিমের একটি প্রতারক চক্র রয়েছে। এলাকায় চুরি হলে তাঁরা নিরীহ যুবকদের চোর সাব্যস্ত করে নানাভাবে টাকা আদায় করেন। আমাদের কাছে এমন অনেক অভিযোগ এসেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করবেন বলে জানিয়েছেন।’