শরীয়তপুরের ইদ্রিস আলী সরদারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন ঘোষণা করা হবে। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।
পলাতক এই আসামির বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে শরীয়তপুর ও মাদারীপুর এলাকায় গণহত্যা, হত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতন-ধর্ষণ এবং দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ রয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, ঋষিকেশ সাহা ও রেজিয়া সুলতানা। পলাতক আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসেবে শুনানিতে অংশ নেন গাজী এম এইচ তামিম।
শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আনা অভিযোগগুলো সন্দেহাতীত হবে প্রমাণিত হয়েছে বিবেচনায় ইদ্রিসের সর্বোচ্চ শাস্তির আরজি জানান। অন্যদিকে আসামি ঘটনায় জড়িত নয় ও অনুপস্থিত ছিল না দাবি করে তাঁর খালাসের আরজি জানায় আসামিপক্ষ।
পরে রেজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মামলাটির রায় অপেক্ষমাণ রেখেছেন। এখন যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।
রাষ্ট্রপক্ষ জানায়, ওই মামলায় দুই আসামির মধ্যে গ্রেপ্তার সোলায়মান মোল্লা গত ২৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ জুন সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেদিন রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। পলাতক অপর আসামি ইদ্রিস আলী সরদারের বাড়ি একই উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশাভোগ গ্রামে। তদন্ত শেষে গত বছরের শেষ দিকে দুই আসামির বিরুদ্ধে প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। গত ২ মে আসামিদের বিরুদ্ধে চার অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এই মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য
নেওয়া হয়।