শরীয়তপুরের ইদ্রিসের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে শরীয়তপুরের ইদ্রিস আলী সরদার ওরফে গাজী ইদ্রিসকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ইদ্রিস আলী পলাতক। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল মালুম। গত ২ নভেম্বর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। গত রোববার ট্রাইব্যুনাল রায়ের দিন গতকাল ধার্য করেন। মানবতাবিরোধী অপরাধের মামলার এটি ২৭তম রায়।
রায়ে বলা হয়, এ মামলায় মুক্তিযুদ্ধকালে শরীয়তপুর ও মাদারীপুরে গণহত্যা, হত্যা, অপহরণ ও আটকে রেখে নির্যাতন-ধর্ষণ এবং দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রথম অভিযোগ মুক্তিযুদ্ধকালে শরীয়তপুর সদরে হিন্দু সম্প্রদায়ের প্রায় ২০০ মানুষকে হত্যা এবং দ্বিতীয় অভিযোগ মালোপাড়ার হিন্দু সম্প্রদায়ের ৩০-৩৫ জন নারীকে ধর্ষণ ও নির্যাতনের দায়ে ইদ্রিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শরীয়তপুর সদরে হিন্দু সম্প্রদায়ের দুই ব্যক্তিকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যার তৃতীয় অভিযোগে ইদ্রিসকে আমৃত্যু কারাদণ্ড এবং চতুর্থ অভিযোগ হিন্দু সম্প্রদায়ের এক-দেড় হাজার মানুষকে দেশান্তরে বাধ্য করার দায়ে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইদ্রিসকে ফাঁসিতে ঝুলিয়ে বা গুলি করে সাজা কার্যকর করতে বলেছেন ট্রাইব্যুনাল। পলাতক ইদ্রিসকে গ্রেপ্তার করে সাজা কার্যকরের নির্দেশও দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষ বলেছে, এই মামলার দুই আসামির মধ্যে গ্রেপ্তার করা সোলায়মান মোল্লা গত ২৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৪ জুন সোলায়মান মোল্লা ও ইদ্রিস আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সেদিন রাতে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের নিজ বাড়ি থেকে সোলায়মানকে গ্রেপ্তার করা হয়। পলাতক অপর আসামি ইদ্রিস আলী সরদারের বাড়ি একই উপজেলার চিতলিয়া ইউনিয়নের কাশাভোগ গ্রামে। তদন্ত শেষে গত বছরের শেষ দিকে দুই আসামির বিরুদ্ধে প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। গত ২ মে আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এই মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।
সোলায়মান মোল্লা (৮৪) ১৯৬৩ সাল থেকে মুসলিম লীগের রাজনীতি করতেন। ১৯৭০ সালে তিনি জমিয়াতুল উলামায়ে ইসলাম দলে যোগ দিয়ে পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে আবার মুসলিম লীগে ফেরেন। একাত্তরে তিনি এলাকায় শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করে নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ইদ্রিস আলী মুক্তিযুদ্ধকালে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের রাজনীতিতে জড়িত ছিলেন। একাত্তরে তিনি পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য শান্তি কমিটি ও রাজাকার বাহিনীতে যোগ দেন এবং এলাকায় হত্যা, গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে অংশ নেন।