শরীয়তপুরের চরে স্বাস্থ্যকেন্দ্র নেই, নেই পরিবার পরিকল্পনা কার্যক্রমও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাতেমা বেগম। বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি ছয় সন্তানের জননী। বড় সন্তানের বয়স ১০ বছর, ছোটটির বয়স এক বছরও হয়নি। ফাতেমার স্বামী নুরুল ইসলাম মেঘনা নদীতে মাছ ধরেন। স্বামী যেদিন মাছ ধরতে পারেন সেদিন আহার জোটে। অভাবের সংসারে এত সন্তান—এ প্রশ্নের উত্তরে ফাতেমার জবাব, ‘আল্লায় দিলে কী করমু।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা সম্পর্কে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে কেউ কোনো দিন তাঁকে কিছু বলেওনি। ফাতেমাদের বসবাস চরজানপুরে। এটি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মেঘনা নদীর একটি চর। এই চরের সক্ষম দম্পতিদের অনেকেই পরিবার পরিকল্পনা সম্পর্কে কিছু জানে না। একই অবস্থা শরীয়তপুর ও চাঁদপুরের মধ্যে মেঘনার বুকে থাকা মাঝের চর, দক্ষিণ কোদালপুর চর, চরমাইন্দারী, শিবসান, মোল্লাকান্দি, সরদারকান্দি ও মাথাভাঙ্গা চরে। এসব চরের মানুষ দরিদ্র। সব পরিবারেই সদস্যসংখ্যা পাঁচ থেকে ১০। অথচ চরগুলোতে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা পরিবার পরিকল্পনার কোনো কার্যক্রম নেই। প্রতি পরিবারেই সন্তানসংখ্যা কয়েকজন করে। সম্প্রতি চরজানপুর ও পার্শ্ববর্তী মাঝের চরে গিয়ে দেখা গেছে, সেখানে কোনো বিদ্যালয় নেই। শিশুরা বাবার সঙ্গে নৌকায় করে মাছ ধরছে। অনেক শিশুকে দেখা গেল, মায়ের সঙ্গে জমি থেকে কলাই তুলছে। আবার কোনো কোনো শিশু মাঠে গবাদিপশু চরাচ্ছে। চরমাইন্দারীর রশিয়া বেগম (৪০) জানান, তাঁর সন্তান নয়জন। জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে তিনি কিছুই জানেন না। সন্তানেরা মাঠে ও জেলে নৌকায় কাজ করে। এর পরও পেট ভরে তাদের খেতে দিতে পারছেন না। রশিয়ার স্বামী আমজাদ সরদার বলেন, নদীভাঙনে সব হারিয়ে ১০ বছর আগে তাঁরা এই চরে আসেন। ছেলেমেয়েরা জমিতে কাজ করে তাঁকে সহায়তা করে। স্বাস্থ্যসেবা বা সন্তানদের শিক্ষার বিষয়ে তাঁরা চিন্তা করেন না। তিনি বলেন, ‘কপালে যা আছে তা-ই হবে।’ওই সব চরবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, এসডিএস নামের একটি বেসরকারি সংস্থা চরগুলোতে পয়োব্যবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করছে। পরিবার পরিকল্পনা নিয়ে সরকারি বা বেসরকারি কোনো কার্যক্রম চরে নেই। চরবাসীরা জানান, নির্বাচনে তাঁরা ভোট দেন। কিন্তু নির্বাচনের আগে বা পরে জনপ্রতিনিধিদের দেখা খুব কমই পান তাঁরা। চরগুলোর কয়েকটি কুচাইপট্টি ইউনিয়নের অন্তর্গত। কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার মুন্সি প্রথম আলোকে বলেন, চরের মানুষ আসলেই পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ বিষয়ে উপজেলা ও জেলা প্রশাসনকে বার বার বলেও কোনো লাভ হয়নি। শরীয়তপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুচাইপট্টি, কোদালপুর, গরিবের চর, কাচিকাটা, তারাবুনিয়া, চরআত্রা, নওপাড়া, ঘড়িষাড়, পালের চর ও কুণ্ডের চর ইউনিয়নে পদ্মা-মেঘনা নদীর বুকে ২০টি চর রয়েছে। এগুলোর মধ্যে নড়িয়া উপজেলার চরআত্রা ও নওপাড়া ইউনিয়ন, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের পুরোটাই চর। এসব চরে পাঁচ বছরের কম বয়সী ২৩ হাজার শিশু রয়েছে। শরীয়তপুরে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশ হলেও চরাঞ্চলে এর হার দুই শতাংশ। এসব চরের বেশির ভাগই দুর্গম। ইউনিয়ন পর্যায়ে যে কয়টি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেগুলোও নদী তীরবর্তী এলাকায়, যা চর থেকে ট্রলারযোগে কয়েক ঘণ্টার পথ। ফলে চরের লোকজন এসব স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা নিতে পারছে না। শরীয়তপুর পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক রামকৃষ্ণ দাস বলেন, এই জেলায় পরিবার পরিকল্পনা বিভাগে লোকবল সংকট রয়েছে। প্রতি ৮০০ সক্ষম দম্পতির জন্য একজন পরিবারকল্যাণ সহকারী থাকার কথা। কিন্তু কর্মী সংকটের কারণে সর্বত্র সেবা পৌঁছানো সম্ভব হয় না। তিনি জানান, চরে পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করার লক্ষ্যে গত জানুয়ারি থেকে স্থানীয় একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।