শরীয়তপুরের দুই ইউপিতে দুই নারী চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) দুজন নারী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মনোনয়নে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নড়িয়া উপজেলার চরআত্রা ইউপিতে সেলিনা রতন ও জাজিরা উপজেলার জয়নগর ইউপিতে নাসরিন আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নড়িয়ার বিচ্ছিন্ন ও দুর্গম চর চরআত্রা। চরের চারদিকে পদ্মা নদী। ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সেলিনা রতন। তাঁর শ্বশুর মেজবাউদ্দিন মুন্সি ও স্বামী রতন মুন্সি ওই ইউপির চেয়ারম্যান ছিলেন। স্বামীর মৃত্যুর পর ২০১০ সালে উপনির্বাচনে চাচাশ্বশুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এ বছর নির্বাচনে আওয়ামী লীগ থেকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়। এবারও প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাচাশ্বশুর দাদন মুন্সি। ২৮ মে এই ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেলিনা রতন বলেন, ‘এমন একটি জায়গায় আমি জনগণের প্রতিনিধিত্ব করছি, যেখানে সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক সেবা প্রদান করা যাচ্ছে না। তারপরও মানুষ আমাকে অনেক আপন করে কাছে টেনে নিয়েছে।’
জাজিরা উপজেলার জয়নগর গ্রামের শহীদুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার। নাসরিন ১৩ বছর যাবৎ স্থানীয় একটি বেসরকারি সংস্থার কর্মী হিসেবে কাজ করছেন। এনজিওতে কাজ করতে গিয়েই জনগণের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। এ বছর আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন। ছয়জন প্রার্থীর সঙ্গে নাসরিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসরিন আক্তার বলেন, ‘দীর্ঘদিন যাবৎ আমি সাধারণ মানুষের অনেক কাছে থেকে সমস্যা দেখেছি। মানুষের বেশি সেবা করতে হলে বড় জায়গা প্রয়োজন। তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, ‘সমাজের নেতৃত্বে নারীদের ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। আমরা যেসব ইউনিয়নে উদ্যমী নারী নেতৃত্ব পেয়েছি, সেখানেই তাঁদের মনোনয়ন দিয়েছি। তৃণমূলের সব নেতাও বিষয়টিকে স্বচ্ছন্দে গ্রহণ করেছেন। তাঁরাও মিলেমিশে কাজ করছেন।’