শরীয়তপুরের দুই উপজেলায় আওয়ামী লীগে 'বিদ্রোহী'
নির্বাচনী প্রচার যখন শেষ, তখনই (সোমবার রাতে) সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গোসাইরহাটের বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ঢালী। তিনি আওয়ামী লীগের সিদ্ধান্ত না মেনে প্রার্থী হওয়ায় ৯ ফেব্রুয়ারি দল থেকে বহিষ্কৃত হয়েছেন। এখনও দুই উপজেলায় আওয়ামীলীগের ‘বিদ্রোহী’ প্রার্থী থাকলো।
মাঠ ছাড়ার কারণ জানতে চাইলে ফজলুল হক ক্ষোভের সঙ্গে বলেন, ‘আলো-বাতাসের চাপে টিকতে না পেরে এই ঘোষণা দিয়েছি। একজন উপজেলা চেয়ারম্যান কোন পরিস্থিতিতে এক দিন আগে মাঠ থেকে উঠে যায়, তা বুঝে নেন।’
আজ বুধবার শরীয়তপুরের চারটি উপজেলা নির্বাচনে এখন দুটিতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রইল। কেন্দ্রীয় নেতারা এসে জাজিরা উপজেলার তনাই মোল্লাকে মাঠ ছাড়তে বাধ্য করে গেছেন। অন্য তিনজন থেকে যাওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। এখন ডামুড্যা এবং ভেদরগঞ্জে আওয়ামী লীগের দুজন ‘বিদ্রোহী’ প্রার্থী রয়ে গেছেন। এতে সুবিধাজনক অবস্থায় আছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
সাংসদ নাহিম রাজ্জাকের পছন্দে প্রার্থী ঠিক হয়েছে বলে জানালেন দলের স্থানীয় নেতা-কর্মীরা। তৃণমূলের ভোটে প্রার্থী ঠিক করার কথা থাকলেও চারটির মধ্যে তিন উপজেলায় ঠিক হয়েছে শরীয়তপুর সার্কিট হাউসে বসে। একমাত্র ডামুড্যায় তৃণমূলের ভোটে বিজয়ী হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামালউদ্দিন আহমেদ। কিন্তু তাঁকে বসিয়ে দিয়েছেন সাংসদ। সেখানে বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সেখানে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক।
একই অবস্থা ভেদরগঞ্জ উপজেলায়। সেখানকার বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন মোল্লা দলীয় সমর্থন পাননি। এই উপজেলাটি দুটি সংসদীয় আসনে পড়েছে। সাংসদেরা হলেন শওকত আলী ও নাহিম রাজ্জাক। স্থানীয় নেতারা জানান, হুমায়ূন মোল্লা জেলার রাজনীতিতে এনামুল হক শামীমের সমর্থক বলে পরিচিত। হুমায়ূন নির্বাচন না করলেও আওয়ামী লীগের প্রার্থী আলতাফ হোসাইনের বিপক্ষে মাঠে আছেন একই দলের বিদ্রোহী প্রার্থী হাবিব শিকদার।
বিএনপি-সমর্থিত প্রার্থী শাহেদ পারভেজ আব্বাস মোল্লা জানান, গত সোমবার রাতে কে বা কারা তাঁর বাড়ি ঘেরাও করে। হুমকি ও গালাগাল দেয়। তিনি পুলিশ, জেলা প্রশাসন এবং রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। তাঁর এজেন্টদের খুঁজে খুঁজে হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ জন্য তিনি সরকারদলীয় প্রার্থী সৈয়দ নাসিরউদ্দিনকে দায়ী করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী বলেন, অভিযোগ পেয়ে রাতে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ উপস্থিত হলে সেখানে জড়ো হওয়া লোকজন সরে যান।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, আবদুর রাজ্জাকের মৃত্যুর পর তাঁর ছেলে নাহিম রাজ্জাক উপনির্বাচনে প্রার্থী হন। এ সময় মনোনয়ন চান ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম। কেন্দ্র নাহিমকে মনোনয়ন দেয়। তিনি তখন এবং গত ৫ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। কিন্তু প্রথম উপনির্বাচনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বেশির ভাগই শামীমের পক্ষ নেন। নাহিম এঁদের বাইরে রাখার চেষ্টা করছেন বলে স্থানীয় নেতাদের অনেকেই অভিযোগ তুললেন।
ডামুড্যার ধানকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও ভেদরগঞ্জের চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিব শিকদার প্রার্থী হয়ে বহিষ্কৃত হয়েছেন।
নাহিম রাজ্জাক ও এনামুল হক গতকাল পর্যন্ত নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।
এনামুল হক বলেন, পছন্দ-অপছন্দ যা-ই থাকুক, সবাই দলীয় প্রার্থীর জন্য কাজ করবেন।
তবে নাহিম রাজ্জাক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তৃণমূলের মত নিয়ে এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে চার উপজেলায় প্রার্থী দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের নির্বাচন হলেও দলের বিরোধ মেটাতে জাতীয় নেতারা কয়েক দফা এলাকা ঘুরে গেছেন।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সম্পাদক আহসানউল্লাহ ইসমাইলী বলেন, স্থানীয় সরকারের নির্বাচনে এভাবে জাতীয় হস্তক্ষেপ কাম্য নয়। এই নির্বাচণে তৃণমূলের বা সাধারণ মানুষের মত প্রাধান্য পায়নি। দল প্রার্থী ঠিক করে দিয়েছে, ভোটাররা তাঁদেরই নির্বাচিত করতে বাধ্য হবেন।