শরীয়তপুরের দুই প্রান্তে বিএনপির দুই পক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করায় বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এক পক্ষ আনন্দমিছিল ও অন্য পক্ষ বিক্ষোভ মিছিল অব্যাহত রেখেছে। দুই পক্ষই বিভিন্ন উপজেলা থেকে শহরে গতকাল বুধবার কর্মী-সমর্থকদের জড়ো করেছে। তাঁরা জেলা শহরের দুই প্রান্তে অবস্থান নিয়েছেন। দলীয় সূত্রগুলো জানায়, গত রোববার জেলা বিএনপির ১৭১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আসাদুল কবীর। এ খবর পেয়ে বিএনপির একটি পক্ষ শহরে আনন্দমিছিল বের করে। অন্য পক্ষ জামাল শরীফের সমর্থকেরা কমিটি বাতিলের দাবিতে রোববার রাত থেকে শহরে বিক্ষোভ, সমাবেশ, ঝাড়ুমিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি অব্যাহত রেখেছেন। তাঁরা মঙ্গলবার সকালে মোটরসাইকেলের বহর নিয়ে শহরে মিছিল করেছেন। শহরের পৌর বাস টার্মিনালে জামাল শরীফের সমর্থকেরা গতকাল সকাল থেকেই অবস্থান নিয়েছেন। আর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সমর্থকেরা জেলা স্টেডিয়ামের কাছে সকাল থেকেই অবস্থান নেন। উভয় পক্ষই বিভিন্ন উপজেলা থেকে তাঁদের সমর্থকদের শহরে নিজ নিজ অবস্থানে জড়ো করেছে। নাসির উদ্দিনের সমর্থকেরা গতকাল দুপুর ১২টার দিকে আনন্দমিছিল বের করার চেষ্টা করলে কোর্ট সড়কের সেতুর কাছে পুলিশ তাঁদের বাধা দেয়। জামাল শরীফের সমর্থকেরা দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ কার্যালয়ের কাছ থেকে মিছিল বের করেন। মিছিলটি পৌর বাস টার্মিনালে গিয়ে সমাবেশ করে। নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক শাহ আবদুস সালাম বলেন, বিএনপির চেয়ারপারসনের নির্দেশে যে কমিটি ঘোষণা হয়েছে তা সঠিক। এ কমিটিকে অভিনন্দন জানাতে বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা শরীয়তপুর শহরে জড়ো হয়েছেন। তাঁরা শহরে আনন্দমিছিল বের করেছেন। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার বলেন, জনবিচ্ছিন্ন লোকজন দিয়ে শরীয়তপুরে বিএনপির রাজনীতি চলবে না। এ কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। কমিটি বাতিলের দাবিতে আন্দোলন করার জন্য জেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা শহরে জড়ো হয়েছেন। কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।শরীয়তপুর সদর থানার ওসি রবিউল আলম বলেন, বিএনপির দুই পক্ষ শহরের দুটি প্রান্তে অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।