শরীয়তপুরের বেশির ভাগ আবাদি জমি একফসলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের বেশির ভাগ আবাদি জমিতে একটি ফসল আবাদ করা হয়। অন্য সময় এসব জমি পড়ে থাকলেও কৃষি বিভাগের প্রচারণার অভাবে জমির মালিকেরা ফসল উৎপাদনে আগ্রহ দেখান না। অন্যদিকে সেচপাম্পের মালিকেরা বোরো আবাদের আগে জমিতে আগাম অন্য ফসল আবাদ করতে দেন না। ফলে প্রতিবছর কয়েক হাজার টন শস্য উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন শরীয়তপুরের কৃষক।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরে ৮৬ হাজার ৪৬৯ হেক্টর আবাদি জমি রয়েছে। এর মধ্যে একটি ফসল উৎপাদন করা হয় ২৫ হাজার ৩৪৯ হেক্টর জমিতে, দুই ফসল উৎপাদন করা হয় ৪৬ হাজার ৯১২ হেক্টরে, আর তিন ফসল উৎপাদন করা হয় ১২ হাজার ৬১৬ হেক্টর জমিতে।কৃষিপঞ্জি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে রবিশস্য আবাদ শুরু হয়। ফসল উৎপাদন করে ঘরে তুলতে হয় ১৫ মার্চের মধ্যে। ১৬ মার্চ থেকে ১৫ জুন পর্যন্ত খরিপ-১ ফসল আবাদ ও উৎপাদন চলে। ১৬ জুন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত খরিপ-২ ফসল আবাদ ও উৎপাদন করা হয়। শরীয়তপুরে জুলাই থেকে নিচু জমিতে পানি প্রবেশ করতে থাকে। সেপ্টেম্বরে পানি চলে যায়। অক্টোবরে জমি শুকিয়ে যায়।গত বছর শরীয়তপুরে ৩৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। এর মধ্যে ২২ হাজার হেক্টর জমিতে অন্য কোনো ফসল আবাদ করা হয়নি। বোরো মৌসুম শেষ হওয়ার পর থেকে জমিগুলো খালি থাকে। তখন উফশি ৩২, ৩৩ ও ৩৯ জাতের আউশ এবং ব্রি-৫১ ও ৫২ আমন আবাদ করা সম্ভব। অক্টোবরের শেষ সপ্তাহে আমনের মৌসুম শেষ হয়ে যায়। তখন বারি ১৪, ১৫ ও ৯ জাতের সরিষা আবাদ করা যায়। দুই থেকে আড়াই মাসের মধ্যে এ জাতের সরিষার মৌসুম শেষ হয়ে যায়।আংগারিয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সিকদার জানান, এ অঞ্চলের কৃষকের বোরো আবাদে বেশি আগ্রহী। এখানে যে রকম প্রাকৃতিক অবস্থা, তাতে ধানের আগে ও পরে ওই জমিতে দুটি ফসল আবাদ করা সম্ভব। নড়িয়া উপজেলার মান্ডা গ্রামের কৃষক সাইফুল হক বলেন, ‘ভালো জাতের বীজ না পাওয়ায় আউশ ও আমন ধানের আবাদ করতে পারি না। আমাদের এলাকায় শ্রমিকের সংকট থাকায় জমি প্রস্তুত করতে অনেক সময় লাগে। বোরো ধানের আগে আগাম রবিশস্য আবাদ করলে বোরোর ফলন কম হওয়ার আশঙ্কায় আমরা ঝুঁকি নিতে চাই না।’খোঁজ নিয়ে জানা গেছে, শরীয়তপুরে বোরোর আবাদ করা হয় ব্লকভিত্তিতে। সেচপাম্পের মালিকেরা পানি খরচ বাবদ ৩০-৩৫ শতাংশ ধান কৃষকের কাছ থেকে নেন। ব্লক এলাকার কোনো কৃষক আলাদাভাবে বোরো আবাদ করতে পারেন না। সেচপাম্পের মালিকের চাপে কৃষকেরা বোরো ধান আবাদের আগে সরিষা বা খেসারি আবাদ করতে পারেন না। সরিষার আবাদ করলে বোরোর আবাদ দেরিতে করতে হয়। ফলে পানি খরচ বেশি লাগতে পারে এবং উৎপাদন কম হতে পারে, এমন আশঙ্কায় থাকেন পাম্পমালিকেরা।ভেদরগঞ্জ উপজেলার চরপায়াতলী গ্রামের কৃষক আহসান উল্যাহ, সিরাজ বেপারী ও হাসেম মোল্যা জানান, বর্ষার পানি নেমে যাওয়ার পর জমি আড়াই থেকে তিন মাস খালি থাকে। তখন আগাম সরিষা বা খেসারি আবাদ করা যায়। কিন্তু পাম্পমালিকদের কারণে তা করা যায় না। সদর উপজেলার দড়িচর গ্রামের পাম্পমালিক নাসির উদ্দিন জানান, সরিষা বা খেসারি-জাতীয় ফসল আবাদ করার পর ফসল উৎপাদন করতে অনেক সময় লাগে। তখন বোরো আবাদ দেরিতে করতে হয়। উৎপাদন কম ও জমিতে দ্বিগুণ সেচ দিতে হয়। এসব কারণে জমির মালিকেরাই অন্য ফসল আবাদ করতে চান না।শরীয়তপুরে উপসহকারী কৃষি কর্মকর্তার ১৬৯টি পদের মধ্যে বর্তমানে শূন্য রয়েছে ৬৬টি। প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তাকে সপ্তাহে চার দিন কৃষকের সঙ্গে সভা ও কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা। নড়িয়া উপজেলার ভড্ডা গ্রামের কৃষক মোস্তাফিজ ও দিল মোহাম্মদ জানান, কোনো সমস্যা দেখা দিলে তাঁরা কৃষি কর্মকর্তার কাছে ছুটে যান। কৃষি কর্মকর্তারা তাঁদের নিয়ে কখনো সভা করেন না, প্রশিক্ষণও দেন না।চরকুমারিয়া ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ জানান, মাঠে, বাড়িতে ও হাটবাজারের যেখানেই কৃষকদের দেখা মেলে, সেখানেই ফসল উৎপাদন নিয়ে আলোচনা হয়। মাঝেমধ্যে তাঁদের প্রশিক্ষণও দেওয়া হয়। উপসহকারী কৃষি কর্মকর্তাদের পদসংকট রয়েছে। তা ছাড়া সরকারি বিভিন্ন কাজে তাঁদের ব্যস্ত থাকতে হয়। ফলে মাঝেমধ্যে সমস্যা হয়।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনছুর রহমান জানান, একফসলি জমিগুলোকে দুই বা তিনফসলি করার চেষ্টা করছেন তাঁরা। উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাসিক সভায় বলে দেওয়া হয়েছে সব সময় কৃষকের পাশে থেকে তাঁদের উদ্বুদ্ধ করার জন্য। কোনো কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে।