শরীয়তপুরের সব পথে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের সব রুটে গতকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা বাসমালিক সমিতি। সমিতির কার্যালয় ভাঙচুর ও সমিতির সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
বাসমালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরীয়তপুর জেলা বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবরের নেতৃত্বে একদল শ্রমিক প্রথমে বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা বাসমালিক সমিতির কার্যালয় ভাঙচুর করে। পরে তারা সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ তালুকদারের বাড়িতেও হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করে। ঘটনার পর ফারুক তালুকদারের কিছু সমর্থক আলী মাদবরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে উভয় পক্ষই থানায় পৃথক মামলা দায়ের করে।
ফারুক আহম্মদ তালুকদার বলেন, আলী মাদবরের নেতৃত্বে একদল লোক তাঁর বাড়িতে ঢুকে মোটরসাইকেল, টেলিভিশনসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করে এবং লুটপাট চালায়। এ সময় তারা ভয় দেখানোর জন্য বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। এর প্রতিবাদে বাসমালিকেরা জরুরি সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দেন।
আলী মাদবর বলেন, ‘মালিক সমিতির সাধারণ সম্পাদকের বাড়িতে কারা হামলা করেছে আমি জানি না। তবে ফারুক তালুকদারের লোকজন আমার বাড়িতে হামলা করেছে।’
শরীয়তপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।