শরীয়তপুরের সড়কগুলো বেহাল নির্ধারিত সময়ে সংস্কার হয়নি
শরীয়তপুরের আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল অবস্থাার কারণে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সড়কগুলো খানাখন্দে ভরা থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির যন্ত্রাংশ; ভোগান্তি হচ্ছে যাত্রীদের। ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ে মাত্র ১০ শতাংশ কাজ শেষ হয়েছে।সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর শরীয়তপুর কার্যালয় সূত্র জানায়, শরীয়তপুর-ঢাকা, শরীয়তপুর-মাদারীপুর, শরীয়তপুর-চাঁদপুরসহ জেলার ছয়টি সড়কের অধিকাংশ স্থান খানাখন্দে ভরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দুই-তিনগুণ বেশি সময় লাগছে।.২০১০-১১ অর্থবছরে সওজ ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি পুনর্বাসন প্রকল্পের আওতায় শরীয়তপুর-চাঁদপুর সড়কের দুই কিলোমিটার, শরীয়তপুর-ঢাকা সড়কের ১০ কিলোমিটার, শরীয়তপুর-নড়িয়া সড়কের ১০ কিলোমিটার এবং শরীয়তপুর-গোসাইরহাট সড়কের তিন কিলোমিটার জায়গা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য পাঁচ কোটি ২৪ লাখ টাকার প্রকল্পব্যয় নির্ধারণ করে। গত জানুয়ারি মাসে দরপত্র আহ্বান করে ১৫ সপ্তাহের মধ্যে কাজ শেষ করার শর্তে শামীমা এন্টারপ্রাইজ নামের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গত এপ্রিল মাসে সড়কগুলো মেরামতের জন্য কার্যাদেশ দেওয়া হয়। কাজের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত মাত্র ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।চাঁদপুর-শরীয়তপুর সড়কের যাত্রী আনোয়ার হোসেন ও সায়েদুর রহমান বলেন, ‘আমাদের প্রায়ই এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। সংস্কারের অভাবে এগুলোর বেহাল অবস্থা। এ সড়কে চলাচল করতে আমাদের খুব অসুবিধা হয়।’শরীয়তপুর-ঢাকা সড়কের যাত্রী দেলোয়ার হোসেন ও হোসনে আরা বেগম বলেন, ‘খানাখন্দে ভরা সড়ক দিয়ে আমদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণেরও বেশি সময় লাগে।’বাসচালক কামাল মিয়া বলেন, কিছুদিন আগে চারটি সড়কের মেরামতকাজ শুরু হয়েছিল। অল্প কিছু কাজ হওয়ার পর তা আবার বন্ধ হয়ে যায়। গর্তে ভরা সড়কে প্রায়ই গাড়ি আটকে যায়।শরীয়তপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘ভাঙা সড়কগুলো মেরামতের জন্য আমরা সড়ক ও জনপথ বিভাগকে বারবার তাগাদা দিয়েছি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে সড়কগুলোর এ দশা।’ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বাদল চৌকিদার বলেন, বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের মধ্যে আমরা কাজ শেষ করতে পারিনি। শিগগির প্রকল্পের বাকি কাজ শেষ করা হবে।’সওজ শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত মাত্র ১০ শতাংশ কাজ শেষ হয়েছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দ্রুত শেষ করার নোটিশ দিয়েছি। দুই সপ্তাহের মধ্যে শেষ করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’