শরীয়তপুর-নড়িয়া বাস চলাচল বন্ধ চার মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা শহরের সঙ্গে নড়িয়া উপজেলার বাস চলাচল চার মাস ধরে বন্ধ। ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের সঙ্গে দ্বন্দ্বের কারণে ওই পথে বাস চলছে না। এই অবস্থায় যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহনে চলাচল করছে।
জেলা সড়ক পরিবহন (বাস) মালিক সমিতির সদস্যরা বলেন, ১৯৯০ সালে শরীয়তপুরের অভ্যন্তরে বাস চলাচল শুরু হয়। প্রথমে জেলা সদরের আঙ্গারিয়া বাজার থেকে নড়িয়া উপজেলার চণ্ডীপুর লঞ্চঘাট পর্যন্ত বাস চলত। পরে অন্য উপজেলায় বাস চলাচল শুরু হয়। আঙ্গারিয়া বাজার থেকে চণ্ডীপুর লঞ্চঘাট পর্যন্ত এ পথে প্রতিদিন ২০টি বাস চলাচল করত। প্রতি ১৫ মিনিট পরপর একটি বাস ছেড়ে যেত।
বাস মালিক সমিতি প্রশাসনের কাছে অনেক দিন ধরে নড়িয়া সড়কে অবৈধ ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলে যাত্রী পরিবহন বন্ধের দাবি জানাচ্ছিল। গত বছরের অক্টোবরে এ নিয়ে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি নিয়ে ১৫ অক্টোবর পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশের নেতৃত্বে একটি সমঝোতা সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, ইজিবাইক নিজ নিজ থানার সীমানায় চলাচল করবে, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল বন্ধ করা হবে এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালকেরা নির্ধারিত পোশাক পরবেন।
কিন্তু কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ার প্রতিবাদে শরীয়তপুর বাস মালিক সমিতি ১৮ অক্টোবর থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। বিষয়টির সুরাহা করার জন্য বাস মালিক সমিতির পক্ষ থেকে ১১ জানুয়ারি জেলা প্রশাসককে একটি চিঠি দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, বাস না থাকায় প্রতিদিন চলাচলে ভোগান্তি পোহাচ্ছে শত শত মানুষ। তাদের এখন অতিরিক্ত টাকা খরচ করে ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলে করে যাতায়াত করতে হচ্ছে। নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম বলেন, চার মাস ধরে বাস চলাচল বন্ধ। কেউ উদ্যোগ নিচ্ছে না বাস চালু করার জন্য। প্রতিদিন বাসে করে কলেজে যাতায়াত করতে ১০ টাকা খরচ হতো, এখন ৪০ টাকা খরচ করে কলেজে যেতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক নড়িয়া উপজেলা প্রশাসনের এক কর্মচারী বলেন, ‘আমরা কম খরচে বাসে করে অফিসে যেতাম। বাস না চলায় এখন প্রতি মাসে এক হাজার টাকা বেশি খরচ করতে হচ্ছে।’
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার বলেন, নড়িয়া উপজেলায় পাঁচ থেকে ছয় হাজার অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা-ভ্যান চলাচল করে। তাদের একটি নিয়মের মধ্যে থাকার সিদ্ধান্ত দিয়েছিল জেলা পুলিশ। কিন্তু তারা সে নিয়ম মানছে না। নড়িয়া সড়কে বাস চালাতে অনেক খরচ হয়। অবৈধ গাড়ি যাত্রী পরিবহনে নিয়োজিত থাকলে তাঁদের লোকসান দিতে হয়। তাই বাসমালিকেরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
অটোবাইক ও অটোরিকশা-টেম্পো মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শাজাহান মাঝি বলেন, ইজিবাইক নিজ নিজ থানার এলাকার মধ্যে চলাচল করবে, এ রকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু ইজিবাইক মালিকেরা তা মানতে রাজি হননি। তাঁরা সারা জেলায় ইজিবাইক নিয়ে চলাচল করছেন। আর ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানও চলাচল করছে।
শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের সঙ্গে বাস মালিক সমিতির বিরোধ হয়েছিল। তখন পুলিশের উদ্যোগে একটি সমঝোতা সভা হয়েছিল। কিন্তু পরে তাঁদের মধ্যে আবার বিরোধ হয়। শিগগিরই বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে কথা বলা হবে।