
রাজধানীর গাবতলী পশুর হাটে অগ্নিকাণ্ডকে নাশকতা বলে সন্দেহ করছেন হাটের ইজারাদার। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এই অবস্থায় দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
গত বৃহস্পতিবার সকালে আগুনে গাবতলী হাটের তিনটি ছাউনি পুড়ে যায়। এতে ১৯টি পশু মারা যায়। তবে গাবতলী গবাদিপশু ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতির দাবি, আগুনে গরু, ছাগল, ভেড়াসহ ৪৬টি পশু মারা গেছে।
গাবতলী পশুর হাটের ইজারাদার লুৎফর রহমান গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘কীভাবে হাটে আগুন লেগেছে, কেউ বলতে পারছে না। কোনো প্রত্যক্ষদর্শী নেই। কেউ নাশকতা করে আগুন লাগিয়ে থাকতে পারে। হাতে তথ্যপ্রমাণ না থাকায় নাম উল্লেখ করে অভিযোগ করতে পারছি না।’ তিনি অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন করার দাবি জানান।
আগুনের ঘটনায় গতকাল পর্যন্ত থানায় মামলা হয়নি। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বলেন, হাটের ইজারাদার বা যাঁদের গরু মারা গেছে, এমন কেউ এখনো মামলা করেননি। আগুনের ঘটনা নাশকতা কি না, সেটি ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে বলা যাবে না।
গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, পাশাপাশি থাকা তিনটি ছাউনি পুড়ে গেছে। ছাউনির চালা হিসেবে ব্যবহার করা প্লাস্টিকের গলিত অংশ পড়ে আছে। বাঁশের খুঁটি, খড়কুটো, পশুখাদ্যের পোড়া অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
উপস্থিত গরুর ব্যাপারী ও পশু তত্ত্বাবধানকারীরা বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হাটে প্রবেশপথের ডান দিকের একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছাউনির বাঁশের খুঁটি, খড়কুটো ও চালায় ছড়িয়ে পড়ে। পরে পশ্চিম দিকের আরও দুটি ছাউনিতে আগুন বিস্তৃত হয়। ওই তিন ছাউনিতে দড়ি দিয়ে বাঁধা পশুগুলো মারা যায়। কয়েকটি গরুকে দড়ি কেটে বের করে আনা হয়। তাঁরা বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা কেউ দেখেনি। তাঁদের ধারণা, জ্বলন্ত সিগারেটের অবশিষ্টাংশ থেকে আগুনের সূত্রপাত। খড়, শুকনো বাঁশের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে।
তবে ফায়ার সার্ভিস প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত পরিদর্শক নাজমা আকতার বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গাবতলী হাটের আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস গতকাল পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করেনি।
গাবতলী গবাদিপশু ব্যবসায়ী বহুমুখী সমিতির সভাপতি মো. মজিবুর রহমান বলেন, এই হাটে অগ্নিকাণ্ড এটিই প্রথম। অবিলম্বে ক্ষতিগ্রস্ত ছাউনিগুলো নির্মাণ করা দরকার। এগুলো মেরামত না হলে কোরবানিতে হাট চালু রাখা যাবে না।
ইজারাদার লুৎফর রহমান বলেন, সিটি করপোরেশনকে আগুনের বিষয়ে জানানো হয়েছে। আগামী রোববার থেকে পুড়ে যাওয়া অংশ সংস্কারের কাজ শুরু করা হতে পারে।