ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ১০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটি এখনো এমপিওভুক্তও হয়নি। তবু সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কলেজটিকে জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
অথচ একই উপজেলার ফুলবাড়িয়া কলেজে পাঁচ হাজার শিক্ষার্থী থাকা এবং সাতটি বিষয়ে সম্মান কোর্স চালু করার পরও এটি জাতীয়করণের তালিকায় রাখা হয়নি। গতকাল বুধবার ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে কলেজটির শিক্ষকেরা এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কলেজের শিক্ষক ও জাতীয়করণ দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম প্রশ্ন করে বলেন, ‘জাতীয়করণের সব শর্ত পূরণ করেও কোন অদৃশ্য কারণে এটি জাতীয়করণ থেকে বঞ্চিত হলো?’ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয়করণ নীতিমালায় প্রাধান্য ছিল উপজেলার সবচেয়ে প্রাচীন ও এমপিওভুক্ত বিদ্যাপীঠ, সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ও ভালো ফল। তাঁদের কলেজটি ১৯৮০ সালে এমপিওভুক্ত হয়। সব শর্ত পূরণ করার পরও কলেজটি জাতীয়করণের তালিকায় পড়েনি। অথচ উপজেলার সবচেয়ে নবীন ও এমপিওভুক্তহীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজটি ওই তালিকায় পড়েছে।
ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাছির উদ্দিন খান বলেন, ‘জাতীয়করণের জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে সব চেষ্টাই করেছি।’
বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইমদাদুল হক দাবি করেন, সব শর্ত পূরণ করেই তাঁদের কলেজ জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের কলেজের শিক্ষার্থীর সংখ্যার বিষয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে। তাঁদের কলেজে প্রায় ৩০০ শিক্ষার্থী আছে।