শর্ত পূরণ না করায় দাতা সংস্থার সাহায্য প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রাখা, অদক্ষতা, দুর্নীতিসহ প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ার অভিযোগে দিনাজপুর পৌরসভার উন্নয়নে তিনটি দাতা সংস্থা তাদের প্রতিশ্রুত ২৫ কোটি টাকার প্রকল্প সহায়তা চুক্তি বাতিল করে দিয়েছে। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম খবরের সত্যতা স্বীকার করেছেন।দিনাজপুর পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড এবং কেএফডব্লিউ ‘দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় ইউজিপ-২’ নামের একটি প্রকল্পে পৌরসভার সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী দাতারা পাঁচ বছরে তিন কিস্তিতে পৌরসভাকে ২৫ কোটি টাকার সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেয়।পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, প্রকল্প বাস্তবায়নে তিনটি পর্যায় ছিল। এর মধ্যে সাবেক মেয়রের আমলে প্রথম পর্যায়ে দেড় বছরে শুধু প্রকল্প বাস্তবায়নে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সাড়ে ১২ কোটি টাকা করে দেওয়ার কথা। কিন্তু দ্বিতীয় পর্যায়ে আট কোটি ২১ লাখ টাকা ছাড় দেওয়ার পর দাতারা আর কোনো টাকা ছাড় না দিয়ে তৃতীয় পর্যায়ে এসে চুক্তি বাতিল করে।নির্বাহী প্রকৌশলী বলেন, আট কোটি টাকা দিয়ে পৌর এলাকার মধ্যে ১৯ কিলোমিটার দীর্ঘ ২৯টি পাকা রাস্তা সংস্কার ও নির্মাণ এবং ৩ দশমিক ৪৮ কিলোমিটার দীর্ঘ নয়টি পাকা নালা করা হয়েছে। কিন্তু প্রকল্প বাতিল হওয়ায় স্যানিটেশন বিভাগে ২০টি ট্রান্সফার স্টেশন (বিশাল আকারের ডাস্টবিন) ও পাঁচটি গণশৌচাগার নির্মাণ করা যায়নি।পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, দুই বছর আগে দিনাজপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নতুন পৌর পরিষদ গত দুই বছরে প্রকল্প বাস্তবায়নে নানা কাজে অদক্ষতা দেখিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিন কোটি ২০ লাখ টাকার বিদ্যুৎ বিল পরিশোধ না করে ‘বিদ্যুৎ বিল বাকি নেই’ মর্মে ভুয়া সনদ দাতা সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষের এ ধরনের জালিয়াতির প্রমাণ পাওয়ার পর দাতা সংস্থা চুক্তি বাতিল করে দেয়।পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেহাতুল ইসলাম ইউজিপ-২ প্রকল্পে সাহায্য বন্ধের জন্য মেয়রের ব্যর্থতাকে দায়ী করে বলেন, মেয়র কোনো কাজে কাউন্সিলরদের সঙ্গে পরামর্শ করেন না। পৌরসভার কিছু কর্মকর্তা-কর্মচারী তাঁকে পরিচালিত করেন।অভিযোগ প্রসঙ্গে মেয়র বলেন, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করে পিডিবির কাছ থেকে ওই ধরনের সনদ অনেক পৌরসভাই নিয়েছে। কিন্তু দাতা সংস্থা এ ব্যাপারে শুধু দিনাজপুর পৌরসভাকে দুষছে। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নে দাতারা ২৬টি শর্ত দেয়। এর মধ্যে ২৫টি পূরণ করা হয়েছে। একটি মাত্র শর্ত—পিডিবির কাছে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ—পূরণ করা সম্ভব হয়নি। তিনিসহ পৌর পরিষদের বেশির ভাগ কাউন্সিলর বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এ কারণে শর্ত পূরণ নয়, সম্পূর্ণ রাজনৈতিক কারণেই দাতা সংস্থা সাহায্য বন্ধ করে দিয়েছে বলে দাবি করেন তিনি।দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক অভিযোগ করেন, দুই বছর আগে নতুন মেয়র দায়িত্ব নেন। এ সময়ের মধ্যে পাঁচটি যানবাহন কেনা ছাড়া প্রকল্পের আর কোনো কাজ হয়নি। দ্বিতীয় পর্যায়ে ছাড় দেওয়া আট কোটি টাকা ২১ লাখ টাকা দিয়ে কার্যত আর কোনো কাজ করা হয়নি। শুধু বকেয়া বিদ্যুৎ বিলের কারণে দাতা সংস্থা সাহায্য বন্ধ করে দিয়েছে—এ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থের অপচয়, সময়মতো ও মানসম্মত কাজ না করা, অদক্ষতা ও দুর্নীতির কারণেই দাতা সংস্থা সাহায্য প্রত্যাহার করে নিয়েছে।