শর্ত পূরণ না করেও অধ্যাপক পদে পদোন্নতি পাচ্ছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন করেছিলেন তিনি। কিন্তু শর্ত পূরণ না করায় পদোন্নতিসংক্রান্ত পরিকল্পনা কমিটি তাঁর আবেদন বিবেচনায় নেয়নি। তবু পদোন্নতির জন্য আজ শুক্রবার নির্বাচনী সভা বসছে। এ সভায় চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল আলমকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হতে পারে বলে কয়েকজন শিক্ষক জানিয়েছেন।
নির্বাচনী সভার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী। তিনি বলেন, ‘শুক্রবার সকালে ব্যবস্থাপনা বিভাগের পদোন্নতির বিষয়ে নির্বাচনী সভা আহ্বান করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, গত বছরের অক্টোবর মাসে অধ্যাপক পদে পদোন্নতি পেতে বিভাগের পরিকল্পনা কমিটির কাছে আবেদন করেন জহুরুল আলম। তাঁর নয়টি প্রকাশনা (লেখা) বিদেশের বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। এসব প্রকাশনার মান নিয়ে আপত্তি থাকায় নয় সদস্যের পরিকল্পনা কমিটি পদোন্নতির আবেদনটির বিষয়ে সুপারিশ করেনি। এ-সংক্রান্ত একটি চিঠি একই বছরের ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়।
তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ দাবি করেছেন, জহুরুল আলম পদোন্নতির শর্ত পূরণ করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর (জহুরুল আলম) আর্টিকেলের বিষয়ে কথা উঠেছে। সেসব নির্বাচনী সভায় আসা শিক্ষকেরা বিবেচনা করে দেখবেন।
পদোন্নতির আবেদনটি পরিকল্পনা কমিটির সুপারিশ না করার বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, ‘তারা তো এটা পারে না। মূলত বিভাগের কয়েকজন শিক্ষক তাঁর (জহুরুল আলম) পিছনে লেগেছেন। এভাবে একজনকে টার্গেট করা ভালো না।’
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, জহুরুল আলম মাত্র তিন বছর আগে সহযোগী অধ্যাপক হন। ওই সময়ও তাঁর পদোন্নতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছিল।
বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এই উপাচার্য আগেও অনেক অনিয়ম করেছেন। গণমাধ্যমেও তা এসেছে। আমরাও তাঁর অনিয়মের প্রতিবাদ করেছি। কিন্তু কিছুই তো হলো না। এটিও (পদোন্নতি) ধারাবাহিক অনিয়মের আরেকটি উদাহরণ।’
শিক্ষকেরা জানিয়েছেন, কারও পদোন্নতির আবেদনে পরিকল্পনা কমিটি সুপারিশ না করলে সংক্ষুব্ধ প্রার্থী বিভাগীয় সভাপতির মাধ্যমে উপাচার্যের কাছে আপিল করতে পারেন। কিন্তু জহুরুল আলম বিভাগীয় সভাপতির মাধ্যমে উপাচার্যের কাছে আপিল করেননি।
এ বিষয়ে জানতে চাইলে ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব প্রথম আলোকে বলেন ‘এ ধরনের কোনো আবেদন আমার মাধ্যমে উপাচার্যের কাছে যায়নি।’
এ বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় জহুরুল আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। কিন্তু উপাচার্যের কাছে আপিল করার বিষয়টি তুলতেই ব্যস্ত বলে ফোন রেখে দেন তিনি।