শর্ত পূরণে ব্যর্থ বিএনএফকে আবার সুযোগ দিল ইসি
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) নিবন্ধনের শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশনের তদন্তে এ তথ্য পাওয়া গেছে। তবে বিএনএফ দাবি করেছে, কমিশনের তদন্ত পক্ষপাতমূলক। সে জন্য কমিশনই বিষয়টি নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি বিএনএফকে নিবন্ধন না দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে। বিএনপির দাবি, কিছু সংস্থার সহযোগিতায় বিএনপির পাশে বিএনএফ নামের একটি দলকে দাঁড় করানোর চেষ্টা চলছে। মানুষকে ভ্রান্ত করতে দলটি তাদের পোস্টারে বিএনপির প্রতীক, জিয়ার ছবি ও জিয়ার ১৯ দফা ব্যবহার করেছে।গতকাল বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘বিএনএফকে নিবন্ধন দিতে কোনো সমস্যা নেই। তাদের চাহিদা অনুযায়ী, সংসদ নির্বাচনের প্রতীকের তালিকায় গমের শীষ নেই। আমরা বিএনএফের আবেদনের ভিত্তিতে গমের শীষ যোগ করার কথা ভাবছি।’
এ বছর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের জন্য ৪১টি দল আবেদন করেছিল। এর মধ্যে প্রাথমিকভাবে কমিশন বিএনএফ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটকে নিবন্ধন দেওয়ার জন্য বিবেচনায় নিয়েছে।নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, বিএনএফের আবেদনে জানানো হয়েছে, দেশের ৩৬টি জেলা ও ১৩৪টি উপজেলায় দলটির দপ্তর ও কমিটি আছে। কিন্তু কমিশনের তদন্তে মাত্র ১৫টি জেলা ও ৩৭টি উপজেলায় দপ্তরের অস্তিত্ব পাওয়া গেছে।গণপ্রতিনিধিত্ব আদেশে রাজনৈতিক দলের নিবন্ধন শর্তে বলা আছে, কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত হতে হলে কমপক্ষে ২১ জেলা ও ১০০ উপজেলায় কমিটিসহ দপ্তর থাকতে হবে। সূত্র আরও জানায়, ১১ জুলাই বিএনএফ ন্যূনতম ২১ জেলা ও ১০০ উপজেলায় তাদের দপ্তর ও কমিটি আছে কি না, তা পুনরায় তদন্তের জন্য কমিশনের কাছে আবেদন করেছে। সে জন্য কমিশনেরগতকালের বৈঠকে বিষয়টি নতুন করে তদন্তের সিদ্ধান্ত হয়েছে।জানতে চাইলে কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘নতুন করে নিবন্ধন
দেওয়ার জন্য দুটি দলকে প্রাথমিকভাবে বাছাই করেছি। তবে এখনো চূড়ান্ত হয়নি। নিবন্ধনের শর্ত পূরণের জন্য দল দুটিকে ১৫ দিন সময় দিয়েছি।