শর্ত পূরণে ব্যর্থ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ, একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা ও আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে অন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ১৭তম সমাবর্তন অনুষ্ঠানে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

দেশের বাস্তবতা ও জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থী ভর্তি, টিউশন ফিসহ সব ধরনের ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল হামিদের সম্মতিক্রমে শিক্ষামন্ত্রী সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উত্তরার ১০ নম্বর সেক্টরে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব প্লটে ওই সমাবর্তন হয়। সভাপতির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি, বিশ্ববিদ্যালয় পরিচালনার পরিবেশ ও নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি, যারা একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছে, তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে অন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সমাবর্তন বক্তা হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সবকিছু জেনে তারপরই সিদ্ধান্ত নেবে। তুমি তা-ই করবে, যা করতে পছন্দ করো। তবে যা করবে, তা সবচেয়ে ভালোভাবে করবে।’

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের বিধিবিধান না মানতে নানা ধরনের ছলচাতুরীর আশ্রয় নেয়। এ বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকাণ্ডে স্বচ্ছতার অভাব লক্ষণীয়। দ্রুততম সময়ে এই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার্থীদের প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এত দিন তোমার বাবা-মা ও পরিবার-পরিজন তোমাকে বড় করার জন্য যে যুদ্ধ করেছেন, তার দায়িত্ব এখন থেকে তোমাদের। আজ থেকে তোমাদের জীবনযুদ্ধ শুরু হলো। স্বপ্নের পথে এগিয়ে যাও। শুধু যদি বলো আমি পারি, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না।’

সমাবর্তন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এআইইউবির উপাচার্য কারমেন জেড ল্যামাগনা। আয়োজকেরা জানান, সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ২ হাজার ৯৬০ জন স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্রছাত্রীকে সনদ দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন বিষয়ে পারদর্শিতা ও সর্বোত্তম ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা পদক দেওয়া হয়।