ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী
শর্ত পূরণে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হবে

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো শর্ত পূরণ করতে পারেনি, তাদের এক বছর সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যেগুলো শর্ত পূরণে ব্যর্থ হবে, সেগুলোতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল বুধবার বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫তম সমাবর্তনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে তিনি সমাবর্তনে সভাপতিত্ব করেন। সমাবর্তনে শিক্ষামন্ত্রী বলেন, শর্ত পূরণ করায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে স্থায়ী সনদ দেওয়া হয়েছে।
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমাবর্তনে তিনজনকে স্বর্ণপদকসহ ১ হাজার ৩১১ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষা প্রসারের সম্ভাবনাময় খাত উল্লেখ করে এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উচিত উদ্বৃত্ত টাকা গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বৃত্তির জন্য দেওয়া।
সমাবর্তন বক্তৃতায় শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সফলতা বলে কিছু নেই, যদি ব্যর্থতা না থাকে। অনেক প্রচেষ্টা ব্যর্থ হয়ে তবেই সফলতা দেখা যায়। তাই কর্মজীবনে হতাশ না হয়ে আশাবাদী হতে হবে।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে সমাজে যে অসহিষ্ণুতা বিরাজ করছে, তা বেদনাদায়ক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা সমাবর্তনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।