শর্ত পূরণে ব্যর্থতায় জিএসপি ফেরেনি: গওহর রিজভী
শ্রমমান নিয়ে শর্ত পূরণে ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) পুনর্বহাল হয়নি বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
গতকাল সোমবার রাজধানীর মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) পররাষ্ট্রনীতিবিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গওহর রিজভী এ মত দেন। এনডিসি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) যৌথভাবে ‘বাংলাদেশের প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতির বাস্তবতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসাইনের সঞ্চালনায় সকালে সেমিনারের উদ্বোধনী বক্তৃতা করেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।
লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতির আলোকে বাংলাদেশ একটি দূরদর্শী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। দেশে কূটনৈতিক স্বার্থরক্ষার সঙ্গে সঙ্গে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত সাফল্য আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে তিনটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। গবেষণাপত্রের ওপর আলোচনা করেন আবু সালেহ মো. ইউসুফ, শাহীন আফরোজ ও ফয়েজ সোবহান।
‘সুশাসন ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা বিদেশি বিনিয়োগকারীদের নিরাশ করে’
সেমিনারের সমাপনী বক্তৃতায় গওহর রিজভী বলেন, ‘আজকের দিনে আমরা পররাষ্ট্রনীতিকে কিংবা অভ্যন্তরীণ বিষয়কে আন্তর্জাতিক সম্পর্ক থেকে আলাদা করতে পারি না। আন্তর্জাতিক সম্পর্ক কিংবা কূটনীতিকদের সাফল্য-ব্যর্থতা পর্যালোচনার সময় আমরা ভুলে যাই, অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে কী পদক্ষেপ নিচ্ছি। আমরা যখন বাণিজ্য, বাজার সুবিধা কিংবা পানি নিয়ে আলোচনায় বসেছি, তখন অন্য পক্ষ মানবাধিকার নিয়ে কথা তোলে। আমাদের দেশের পরিস্থিতি সম্পর্কে জেনেই প্রসঙ্গের বাইরের এ বিষয়টি তারা তোলে। অথচ দেশে মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখতে পারলে প্রাসঙ্গিক বিষয়ের বাইরের কিছু নিয়ে অন্য পক্ষের আলোচনার সুযোগ থাকে না।’
এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি বলেন, ‘সম্প্রতি আমরা দেখেছি, যুক্তরাষ্ট্রের এ বছরের জিএসপি পাওয়া দেশের তালিকায় বাংলাদেশ নেই। আমি আপনাদের এই নিশ্চয়তা দিতে পারি, জিএসপির সঙ্গে বাংলাদেশ-মার্কিন সম্পর্কের কোনো যোগসূত্র নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারিত হয়েছে। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় দুই দেশের মধ্যে এখন সবচেয়ে ভালো সম্পর্ক রয়েছে। শ্রম আইনের সংস্কার ও শ্রমমানের সুরক্ষায় যেসব অঙ্গীকার করেছিলাম, তা পূরণ করতে পারিনি বলেই এটা হয়েছে (জিএসপি পুনর্বহাল হয়নি)। অঙ্গীকার পূরণের ব্যর্থতা আমরা গোপন করতে পারি না। দেশের অভ্যন্তরে কী ঘটছে, সেটি গোপন করা সম্ভব নয়। আমরা যখন কোনো অঙ্গীকার করি, তা আমাদের পূরণ করতে হয়। তা না হলে আমাদের কূটনীতিকদের দর-কষাকষি করতে গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে হয়।’
গওহর রিজভী সেমিনারে বলেন, জিএসপি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াশিংটন যেতে গত রোববার তাঁকে অনুরোধ করেছেন। ওই কর্মকর্তাকে তিনি বলেছেন, এ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই। দেশে শ্রমমানের যে বিষয়গুলোর সুরাহা এখনো হয়নি, সেগুলোর সমাধান করা হোক। এটি হলে জিএসপি ফিরবে—এই নিশ্চয়তা দেওয়া যায়।
তৈরি পোশাক কারখানার কাজের পরিবেশ ও শ্রমিকের স্বার্থ সুরক্ষা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি স্থগিত করে। তখন বলা হয়েছিল, পোশাক খাতে কাজের পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে। জিএসপি পুনর্বহালের জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) ওই বছরের ২০ জুলাই বাংলাদেশের সামনে একটি কর্মপরিকল্পনা তুলে ধরে।
অভ্যন্তরীণ পরিস্থিতি যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাও সেমিনারে উল্লেখ করেন গওহর রিজভী। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশের কথা শুনে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু এ দেশে আসার পর সুশাসন ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার মতো বিষয়গুলো তাঁদের নিরাশ করে। কাজেই বিদেশি বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা সফল হচ্ছেন না বলে দোষারোপ না করে এ বিষয়গুলোর সুরাহা করা উচিত।
গওহর রিজভী মনে করেন, গণমাধ্যমের স্বাধীনতা, নাগরিক সমাজের সক্রিয়তার মতো বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং কূটনীতিকদেরও সাফল্য আসবে। মানবাধিকারসহ অভ্যন্তরীণ নানা পরিস্থিতিতে বাইরের শক্তির সমালোচনা করেন তিনি। তবে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, মানবাধিকারের নামে বাইরের শক্তি কখনো কখনো আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এ জন্য আমরা তাদের সমালোচনা করতে পারি। তবে এটা তো বলার অপেক্ষা রাখে না, আমাদের ব্যর্থতা তাদের এ ধরনের কাজের সুযোগ করে দিচ্ছে।’
সেমিনারে অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্রসচিব ও বিইআইয়ের প্রেসিডেন্ট ফারুক সোবহান, বিআইআইএসএসের পরিচালনা পরিষদের সভাপতি মুন্সি ফায়েজ আহমেদ।