যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে ১৭টি শর্ত পূরণের অগ্রগতি জানিয়ে যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসনের কাছে অবস্থানপত্র পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে অবস্থানপত্রটি পাঠানো হয়।
জিএসপি পুনর্বহালের বিষয়ে আগামী ডিসেম্বরে ওয়াশিংটনে শুনানি অনুষ্ঠিত হবে। আজ শুক্রবারের মধ্যে এ অবস্থানপত্র যুক্তরাষ্ট্রে পাঠানোর বাধ্যবাধ্যকতা ছিল।
বাংলাদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার এবং শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না—এমন অভিযোগ এনে গত ২৭ জুন জিএসপি-সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জিএসপি-সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারকে কর্মপরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জানায়, শ্রমিকের নিরাপত্তা ও শ্রম পরিবেশ উন্নত না হলে তারা বাংলাদেশের ওপর থেকে জিএসপি-সুবিধা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করবে।
জানতে চাইলে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘জিএসপি-সুবিধা ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৭টি শর্তের বিষয়ে অগ্রগতি জানিয়ে আমরা অবস্থানপত্র দিয়েছি। বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক মনে হলে যুক্তরাষ্ট্র এ সুবিধা ফিরিয়ে দিতে পারে।’
সরকারের নেওয়া পদক্ষেপ: জিএসপি-সুবিধা স্থগিতের পর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গত ১৫ জুলাই শ্রম আইনের সংশোধন। এ ছাড়া শ্রমিক ইউনিয়ন নেতাদের চাকরির নিশ্চয়তা এবং আগে ছাঁটাই করা ইউনিয়ন নেতাদের চাকরি পুনর্বহালের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ আরও জানিয়েছে, প্রধান কলকারখানা পরিদর্শক অধিদপ্তরে শূন্য পদের বিপরীতে চারজন পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে এবং ৭২ জন পরিদর্শকের নিয়োগ প্রক্রিয়াধীন। এ ছাড়া প্রথম পর্যায়ে ৩৯২ জন পরিদর্শকসহ ৬৭৯ জন নতুন জনবল উন্নীত করার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। রাজউকের নতুন সাংগঠনিক কাঠামো ও জনবল নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অবস্থানপত্রে আরও বলা হয়েছে, আইএলও ও শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০টি দল এক হাজার ৫০০টি কারখানা পরিদর্শনের উদ্যোগ নিয়েছিল। পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউরোপীয় ও নর্থ আমেরিকার ক্রেতাদের উদ্যোগে স্বাক্ষরিত অ্যাকর্ড ও অ্যালায়েন্সের আওতায় দুই হাজার ২৩৬টি কারখানা পরিদর্শন করবে।
অবস্থানপত্রে জানানো হয়, তৈরি পোশাকশিল্পে এ পর্যন্ত ১৯৯টি ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে। এনজিও বাংলাদেশ সেন্টার ফর উইমেন সলিডারিটি (বিসিডব্লিউএস) এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস ফর দি এনভায়রনমেন্ট (এসএএফই) আবার চালু করা হয়েছে।
আমিনুল হত্যায় জড়িত সন্দেহভাজন মুস্তাফিজকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করে তাঁর ছবিসহ পত্রিকায় দুবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। শিগগিরই এ মামলার অভিযোগপত্র দেওয়া হবে। কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় ট্রেড ইউনিয়ন, দর-কষাকষি এবং শ্রম আইন প্রয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। শ্রম অধিদপ্তর ও প্রধান কলকারখানা পরিদর্শক অধিদপ্তরে দুটি হটলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। বিএফএফই কর্তৃক চিংড়ি সেক্টরে শ্রমিক সংগঠন ও অংশগ্রহণমূলক কমিটি গঠন এবং শ্রমিকনেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ডিসেম্বরে অনুষ্ঠেয় শুনানির সময় পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশের নেওয়া পদক্ষেপ সন্তোষজনক মনে হলে যুক্তরাষ্ট্র জিএসপি-সুবিধা ফিরিয়ে দিতে পারে। আর পদক্ষেপ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলে ছয় মাস পর ফের শুনানি অনুষ্ঠিত হবে।