বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কাল রোববার থেকে ক্লাস ও পরীক্ষা চালুসহ আটটি সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। একই সঙ্গে তারা ছাত্রলীগের নেতা সায়াদ ইবনে মোমতাজ হত্যার তদন্ত করে দ্রুত বিচার আইনে বিচারের ব্যবস্থা করা এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসন সায়াদ হত্যাকাণ্ডের ‘পূর্ণাঙ্গ বিচার শুরু করার’ শর্ত মেনে নিলেই তাঁরা ক্লাসে ফিরবেন, নইলে আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ওই ঘোষণা দেওয়া হয়।
এর আগে ক্লাস শুরুর দাবিতে অনুষদীয় ছাত্র সমিতির নেতা-কর্মীরা উপাচার্য রফিকুল হককে গত মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন। এ কারণে বৃহস্পতিবার সকাল ১০টায় উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা হওয়ার কথা থাকলেও তা বেলা দুইটায় শুরু হয়। সভায় রোববার থেকে ক্লাস শুরুসহ আটটি সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর অনুষদীয় ছাত্র সমিতি অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর থেকে জানানো হয়, সভায় বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের ঘটনা যথাযথ তদন্ত করে দ্রুত বিচার আইনে বিচারের ব্যবস্থা করা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস আগামী রোববার থেকে শুরু করা এবং যত শিগগির সম্ভব পরীক্ষা শুরুর ব্যবস্থা করা, সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কমকর্তা-কর্মচারীর নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা, সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন ২১ দিনের আগেই দেওয়া যায় কি না, সে বিষয়ে তদন্ত কমিটির সঙ্গে আলোচনা করা, তদন্ত সাপেক্ষে শিক্ষক ও শিক্ষার্থী লাঞ্ছনাকারীদের প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে উপাচার্যের মতবিনিময়ের ব্যবস্থা গ্রহণ করা।
সাধারণ শিক্ষার্থীদের দাবি: গতকাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন সায়াদ হত্যার পূর্ণাঙ্গ বিচারের দাবিতে আন্দোলন করা সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা প্রশাসনিক কর্মকর্তাদের জানান, তাঁদের দেওয়া বেশ কিছু শর্ত মানলেই রোববার থেকে তাঁরা ক্লাসে ফিরে যাবেন।
গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে শর্তগুলো ঘোষণা করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের পক্ষে আনাস আল ইসলাম শর্তগুলো পাঠ করেন। তিনি বলেন, রোববার সকাল আটটায় তাঁরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে জড়ো হবেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উপস্থিত হয়ে তাঁদের শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিতে হবে। এর পরই সাধারণ শিক্ষার্থীরা সকাল নয়টা থেকে ক্লাসে ফিরে যাবেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নবনিযুক্ত সহকারী প্রক্টর মোহাম্মদ আল মামুন বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের শর্ত মেনে নেওয়া হয়েছে। তাঁরা রোববার থেকে ক্লাসে ফিরবেন বলে আমরা আশাবাদী।’ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘আমরা নতুন দায়িত্ব নিয়েছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হল প্রভোস্ট, ছাত্রবিষয়ক বিভাগ ও সব শিক্ষার্থীর সহযোগিতা চাই।’