শর্ত সংশোধনের প্রস্তাব দেশীয় প্রতিষ্ঠানগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) তৈরি ও সরবরাহের দরপত্রের শর্তাবিলর কারণে এতে দেশীয় প্রতিষ্ঠানের অংশ নেওয়ার সুযোগ নেই বলে অভিযোগ করেছে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান৷ তারা শর্ত সংশোধনের প্রস্তাব করেছে৷
রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউশনে গতকাল বুধবার দুপুরে প্রাক্-দরপত্র সভায় দেশীয় তথ্যপ্রযুক্তি (আইটি) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা এসব অভিযোগ ও প্রস্তাব করেন। সভায় মাইক্রোসফট, লিডস করপোরেশন, টেকনো মিডিয়া, বায়োমেট্রিকস বিডি, ইউনিয়নসহ অর্ধশতাধিক দেশীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
সভায় নির্বাচন কমিশনের পক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিনসহ অন্য কর্মকর্তারা অংশ নেন। কমিশন থেকে সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আগামীকাল শুক্রবার সকালের মধ্যে দরপত্র সম্পর্কে কোনো আপত্তি থাকলে তা জানাতে বলা হয়েছে।
নির্বাচন কমিশন নাগরিকদের জন্য স্মার্ট কার্ড তৈরি ও সরবরাহ করতে গত ২৮ এপ্রিল আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ জুন। দরপত্রের শর্তে বলা হয়েছে, দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ১৬০ কোটি টাকার (২০ মিলিয়ন মার্কিন ডলার) কার্ড সরবরাহ এবং কার্ডে ব্যক্তিগত তথ্য সন্নিবেশ করার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পাঁচ বছরে বার্ষিক লেনদেন থাকতে হবে কমপক্ষে ৮৮০ কোটি টাকার (১১০ মিলিয়ন ডলার) এবং নগদ ৩২০ কোটি টাকার (৪০ মিলিয়ন ডলার) সংস্থান থাকতে হবে। দরপত্রে অংশগ্রহণকারী দেশীয় প্রতিষ্ঠানকে বিশেষ কোনো অগ্রাধিকার দেওয়া হবে না।
সভায় দেশীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অভিযোগ করেন, বিদেশি একটি প্রতিষ্ঠানকে কাজের সুযোগ দিতে দরপত্রের শর্তাবিল তৈরি করা হয়েছে। দরপত্রে যেসব শর্ত দেওয়া হয়েছে, তা ওই প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে পূরণ করা সম্ভব নয়।
সভায় সিল্কওয়েজ কার্ড অ্যান্ড প্রিন্টিংয়ের কর্মকর্তা সৈয়দ সুজাউদ্দিন আহমেদ বলেন, দরপত্রের শর্তানুযায়ী, যারা কাজ পাবে তাদের স্মার্ট কার্ড প্রিন্টিং, নেটওয়ার্কিং ও কার্ডে নাগরিকের ব্যক্তিগত তথ্য সন্নিবেশ করতে হবে। দেশীয় কোনো প্রতিষ্ঠান যাতে দরপত্রে অংশ নিতে না পারে, সে জন্যই এমন উদ্ভট শর্ত দেওয়া হয়েছে। তিন ধরনের কাজের জন্য ভিন্ন ভিন্ন দরপত্র দেওয়া হলে েদশীয় প্রতিষ্ঠান অংশ নেওয়ার সুযোগ পেত।
সভা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিদেশি ওই প্রতিষ্ঠানের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে টাইগার আইটি নামের দেশীয় একটি প্রতিষ্ঠান।
দেশীয় প্রতিষ্ঠানগুলোর এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিন রাতে প্রথম আলোকে বলেন, অভিযোগ ঠিক নয়৷ যেহেতু বড় প্রকল্প এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট, তাই যোগ্য প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ রেখে দরপত্রের শর্ত আরোপ করা হয়েছে৷ দেশীয় কোনো প্রতিষ্ঠান এককভাবে না পারলেও বিদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে দরপত্রে অংশ নিতে পারে৷