শর্ত সাপেক্ষে জামিন পেলেন খন্দকার মোশাররফ

অর্থপাচারের অভিযোগে দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। খবর বাসসের।
আদালতের আদেশে বলা হয়, খন্দকার মোশাররফকে সংশ্লিষ্ট আদালতে তাঁর পাসপোর্ট জমা দিতে হবে। আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না। অভিযোগ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না।
খন্দকার মোশাররফের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান।
মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, অন্য কোনো মামলায় আটক না থাকায় এ আদেশের ফলে তাঁর মুক্তিতে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেন, আদেশ অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া তিনি বিদেশে যাবেন না।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক নাসিম আনোয়ার গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন। মামলায় খন্দকার মোশাররফের বিরুদ্ধে প্রায় নয় কোটি ৫৪ লাখ টাকা টাকা পাচারের অভিযোগ আনা হয়।
এজাহারে বলা হয়েছে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকার সময় খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা বিদ্যমান আইন না মেনে বিদেশে পাচার করেছেন। তিনি যুক্তরাজ্যের লয়েডস টিএসবি ব্যাংকে স্ত্রীর সঙ্গে যৌথ নামে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ ব্রিটিশ পাউন্ড জমা করেন। বর্তমান হারে ওই ব্রিটিশ পাউন্ডের মূল্যমান বাংলাদেশি টাকায় নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১। ব্যাংকের বার্ষিক বিবরণীতে বর্তমানে ওই হিসাবটিকে ‘ফ্রিজ’ (জব্দ) দেখানো হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে, এভাবে বিদেশে জমা করা অর্থ বা হিসাবের বিষয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী তাঁর সম্পদ বিবরণী বা আয়কর বিবরণীর কোথাও উল্লেখ করেননি। বিদেশে বৈদেশিক মুদ্রায় হিসাব খোলার বিষয়ে খন্দকার মোশাররফ বা তাঁর স্ত্রী কেউই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেননি।
২০০৮ সালে খন্দকার মোশাররফের বিরুদ্ধে রমনা থানায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে তৎকালীন দুদক কর্তৃপক্ষ। সেটির অভিযোগপত্র গত বছরের ২৪ মার্চ আদালতে জমা দেওয়া হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।