শর্ত সাপেক্ষে জামিন পেলেন মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন প্রশ্নে রুল (অ্যাবসলিউট) মঞ্জুর করেন।
আদালত আদেশে বলেছেন, সংশ্লিষ্ট আদালতে খন্দকার মোশাররফকে পাসপোর্ট জমা দিতে হবে। মামলায় অভিযোগ ওঠা কোনো ব্যক্তি, ব্যাংক, প্রতিষ্ঠান ও সাক্ষীদের সঙ্গে তিনি কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না।
এই আদেশের ফলে খন্দকার মোশাররফ হোসেনের কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী মওদুদ আহমদ। আদালতে মোশাররফের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মওদুদ আহমদ শুনানি করেন।