শর্ত সাপেক্ষে দুই মাসের জামিন পেলেন জেনারেল হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধভাবে অর্থ হস্তান্তরের দুই মামলায় শর্ত সাপেক্ষে দুই মাসের জামিন পেয়েছেন।হারুন-অর-রশিদের স্বাস্থ্যগত সমস্যার বিষয়ে চিকিৎসকের প্রতিবেদন এবং তাঁর সামাজিক অবস্থান বিবেচনায় নিয়ে গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট এ আদেশ দেন।বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমদের বেঞ্চ জামিনের জন্য যেসব শর্ত দিয়েছেন, তার মধ্যে রয়েছে: জামিনে থাকার সময় হারুন তদন্তকাজে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারবেন না; আদালতের অনুমতি ছাড়া দেশ ত্যাগ করতে পারবেন না এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তদন্ত কর্মকর্তা যখন ডাকবেন, তখন তাঁকে সহায়তা করতে হবে।শর্তে আরও বলা হয়েছে, তদন্ত চলার সময় হারুন-অর-রশিদ ডেসটিনির কোনো কর্মকর্তা-কর্মচারী বা মামলার অন্য কোনো আসামির সঙ্গে ফোনে বা সরাসরি যোগাযোগ করতে পারবেন না; ডেসটিনি বা আটক ব্যক্তিদের পক্ষে কোনো বিবৃতি দিতে বা তদবির করতে পারবেন না; ডেসটিনি কার্যালয়ে যেতে পারবেন না। এসব শর্ত ভঙ্গ করলে নিম্ন আদালত তাঁর জামিন বাতিল করতে পারবেন।