শর্ত সাপেক্ষে নতুন বিদ্যুৎ সংযোগ চালু
সরকার শর্ত সাপেক্ষে নতুন নতুন বিদ্যুৎ সংযোগ চালু করার অনুমোদন দিয়েছে। গতকাল সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এর অধীন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার থেকেই নতুন সংযোগ পাওয়া যেতে পারে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, যেসব নতুন গ্রাহক দুই কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন, তাঁদের ক্ষেত্রে নতুন সংযোগ পেতে কোনো শর্ত নেই। অন্যদের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। সরকারি সূত্র জানায়, যেসব গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক ইতিমধ্যে ডিমান্ড নোট জমা দিয়েছেন নতুন সংযোগের ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন। এ ছাড়া নতুন সংযোগ পাওয়া কোনো গ্রাহক শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করতে পারবেন না। গবেষণার জন্য ব্যবহূত কোনো ল্যাবরেটরিতে যদি এসি ব্যবহার করতে হয়, সে ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি নিতে হবে। প্রত্যেক নতুন গ্রাহককেই বিদ্যুৎসাশ্রয়ী (সিএফএল) বাল্ব ব্যবহার করতে হবে। দেশে চাহিদার তুলনায় প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় গত এপ্রিল মাসে প্রথমে তিন মাসের জন্য নতুন বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর তা আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। তারপর তা আরও এক মাস বাড়িয়ে ৩০ অক্টোবর করা হয়। এরপর নতুন সংযোগের জন্য নীতিমালা তৈরির জন্য আরও আট দিন পর আজ থেকে নতুন সংযোগ পুনরায় চালু করা হলো। তবে আবেদনকারী সবার পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ পেতে বেশ কিছু সময় লাগবে বলে ওই সংস্থাগুলোর সূত্রে জানা গেছে।পরিস্থিতি নাজুক: এদিকে, হঠাৎ করেই দেশের বিদ্যুৎ পরিস্থিতি বেশ নাজুক হয়ে পড়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) হিসাবেই উৎপাদন ঘাটতি দাঁড়িয়েছে প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট। ফলে মৌসুমি কারণে চাহিদা কিছুটা কমলেও ঢাকাসহ সারা দেশে প্রতি ঘণ্টায় লোডশেডিং হচ্ছে। পিডিবি সূত্র জানায়, গতকাল গ্যাসের অভাবে প্রায় ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছিল। এ ছাড়া তেল ও কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ ছিল প্রায় ৯৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার।