শর্ত সাপেক্ষে বকেয়া দিতে ছয় মাস সময় পাচ্ছে সিটিসেল
মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলকে শর্ত সাপেক্ষে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের বকেয়া টাকা পরিশোধের জন্য ছয় মাস সময় দেওয়া হচ্ছে। এ জন্য শর্ত হিসেবে সিটিসেলকে চলতি মাসের (ফেব্রুয়ারি) মধ্যে রাজস্ব বাবদ সরকারের পাওনা ২৬ কোটি টাকা পরিশোধ করতে হবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে গত রোববার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র জানায়, কয়েকবার নোটিশ দেওয়ার পরও সিটিসেল লাইসেন্স নবায়নের অর্থ জমা দেয়নি। এ জন্য সিটিসেলের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে ৩ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিটিআরসি। কারণ দর্শাতে ৩০ দিন সময় দেওয়া হয়েছে। ওই নোটিশে বলা হয়, লাইসেন্স নবায়ন, তরঙ্গমূল্য, রাজস্বসহ অন্যান্য কিছু খাতে সিটিসেলের কাছে ২৫৫ কোটি টাকারও বেশি বকেয়া রয়েছে। গত বছরের ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের জন্য ১৫ দিন সময় দিয়ে সিটিসেলকে শেষ সুযোগ দেওয়া হলেও বকেয়া পরিশোধ করেনি।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘সিটিসেল আমাদের কাছে রাজস্ব বাবদ বকেয়া ২৬ কোটি টাকা পরিশোধের প্রতিশ্রুতি এবং অন্যান্য ফি জমা দিতে ছয় মাস সময় চেয়েছিল। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের বৈঠকে তাদের সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের বাস্তবায়ন নির্ভর করছে এই মাসের মধ্যেই রাজস্বের টাকা দেওয়ার ওপর।’ তিনি জানান, বকেয়া রাজস্ব এই মাসের মধ্যে জমা না দিলে মন্ত্রণালয় বিকল্প চিন্তা করবে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সিটিসেল যদি নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে না পারে, তাহলে মন্ত্রণালয় তাদের লাইসেন্স বাতিলের জন্য বিটিআরসিকে বলবে। বিটিআরসি এ বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানতে চাইলে সিটিসেলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরী মন্ত্রণালয়কে দেওয়া প্রতিশ্রুতির বিষয়টি নিশ্চিত করেন।
বিটিআরসি সূত্র জানায়, সিটিসেল দেশের প্রথম ও একমাত্র সিডিএমএ প্রযুক্তির মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সেবার নিলামের জন্য যোগ্য বিবেচিত হলেও জামানত দিতে পারেনি। বিটিআরসির হিসাবে গত ডিসেম্বর পর্যন্ত সিটিসেলের গ্রাহকসংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার।