শর্ত সাপেক্ষে বাদীর আপস আদালতে জবানবন্দি
ঘুষ দাবি এবং ভুয়া বাদী সাজিয়ে ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ১০টি সাজানো মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে বরগুনার পুলিশ সুপারসহ (এসপি) পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছেন বাদী। গতকাল রোববার সকালে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আপসের শর্তে মামলাটি প্রত্যাহার করার আবেদন জানিয়ে তিনি জবানবন্দি দিয়েছেন। পরে ২০৩ ধারায় মামলাটি খারিজের নির্দেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নোমান মঈনুদ্দিন।
আদালতের কর্মকর্তারা জানান, গতকাল সকালে মামলার বাদী মোখলেসুর রহমান সশরীরে আদালতে হাজির হন এবং মামলার বিবাদীদের সঙ্গে শর্ত সাপেক্ষে তাঁর আপস হয়েছে মর্মে একটি আবেদন করেন। পরে বিচারিক হাকিমের সামনে তিনি এর সপক্ষে জবানবন্দি দেন। বাদী তাঁর জবানবন্দিতে বলেন, শর্ত সাপেক্ষে বিবাদীদের সঙ্গে তাঁর আপস হয়েছে। তাঁর দেওয়া শর্তগুলো মামলার প্রধান বিবাদী (পুলিশ সুপার) পূরণ করার আশ্বাস দেওয়ায় তিনি আদালতে এই আপসনামা দাখিল করেন বলে আদালতকে জানান।
বাদী মোখলেসুর রহমান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি গত শুক্রবার দুপুরে এসপির কাছে গিয়ে মামলায় আপসের জন্য পাঁচ দফা শর্ত দেন। এসব শর্তের মধ্যে রয়েছে, ভবিষ্যতে তিনি ও তাঁর পরিবারের কাউকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না—এই মর্মে লিখিত অঙ্গীকার দেওয়া, গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে নির্যাতন না করা এবং থানায় এনে মারধর না করার জন্য পুলিশকে দেওয়া অর্থ এবং মামলাগুলোতে জামিন পাওয়াসহ অন্যান্য খাতে ব্যয় হওয়া অর্থ ক্ষতিপূরণ হিসেবে তাঁকে (বাদী) দেওয়া, তিনি ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায় ও উপসহকারী পরিদর্শক (এএসআই) বাদল মৃধাকে অন্যত্র বদলি করা। এসপি পর্যায়ক্রমে এসব শর্ত পূরণ করার আশ্বাস দিয়েছেন তাঁকে।
প্রসঙ্গত, বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে গত বুধবার সকালে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া গ্রামের বাসিন্দা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য মোখলেসুর রহমান বাদী হয়ে বরগুনার এসপি শ্যামল কুমার নাথ, সদর থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র রায়, উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম, জাফর হোসেন এবং এএসআই বাদল মৃধাকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলাটি গ্রহণের পর শুনানি শেষে বিচারিক হাকিম তা রোববার আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।