শর্ত সাপেক্ষে শ্রাবণ প্রকাশনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে বইমেলায় সৃজনশীল পুস্তক প্রকাশনা সংস্থা শ্রাবণ প্রকাশনীর দুই বছরের জন্য নিষেধাজ্ঞা ‘শর্ত সাপেক্ষে’ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। এ জন্য ওই প্রকাশনীকে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে। গতকাল শুক্রবার একাডেমির নির্বাহী পর্ষদের এক সভায় এই সিদ্ধান্ত হয়।
ঘণ্টাব্যাপী সভা শেষে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, আট সদস্যের নির্বাহী পর্ষদের সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাডেমি যে ব্যবস্থা নিয়েছিল, সেটা পুনর্বিবেচনা করার জন্য শ্রাবণ প্রকাশনী আবেদন করে।
তিনি বলেন, ‘শ্রাবণ প্রকাশনী যদি লিখিত অঙ্গীকার করে যে ভবিষ্যতে তারা মেলার স্বার্থবিরোধী এবং ধর্মীয় স্পর্শকাতর বিষয়ে মেলায় বা মেলা প্রাঙ্গণে কোনো প্রতিবাদে অংশ নেবে না, তাহলে এই শর্তে শ্রাবণকে বইমেলায় স্টল দেওয়া হবে।’
এদিকে শ্রাবণের স্বত্বাধিকারী রবিন আহসান প্রথম আলোকে বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বই প্রকাশ করা যাবে না—এই শর্ত তো মেলার আচরণবিধির মধ্যেই আছে, এটা সব প্রকাশকের জন্যই প্রযোজ্য। কাজেই এ ব্যাপারে লিখিত অঙ্গীকারনামা দিতে তাঁর কোনো আপত্তি নেই। তবে প্রতিবাদে অংশ নেবেন না, এমন শর্তে লিখিত অঙ্গীকারনামা দেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগে চিঠি হাতে আসুক, তারপর দেখব।’
গত ১০ নভেম্বর বাংলা একাডেমির পর্ষদের সভায় ‘একাডেমির সিদ্ধান্তের বিরোধিতা’ করায় ‘বৃহত্তর স্বার্থে’ শ্রাবণ প্রকাশনীকে বইমেলায় দুই বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বইমেলা চলাকালে বাংলা একাডেমি ব-দ্বীপ প্রকাশনীর ইসলাম বিতর্ক নামে একটি বই নিষিদ্ধ করেছিল। এটি প্রকাশের জন্য তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ওই বইয়ের লেখক-প্রকাশকসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। একাডেমির সেই সিদ্ধান্তের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাঁরা প্রতিবাদ করেন, তাঁদের মধ্যে শ্রাবণ প্রকাশনীর স্বত্বাধিকারী রবিন আহসানও ছিলেন। মহাপরিচালক শামসুজ্জামান প্রথম আলোকে বলেছেন, বইমেলায় অংশ নিয়ে এই আচরণ ছিল বইমেলার নীতিমালা ও স্বার্থের পরিপন্থী।
ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি মাসে প্রতিবছর বইমেলার আয়োজন করে থাকে বাংলা একাডেমি। ১৯৭৯ সাল থেকে বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতিও যৌথ আয়োজক হিসেবে এ মেলার সঙ্গে যুক্ত হয়।