শর্তসাপেক্ষ জামিন পেলেন কায়সার
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের জামিনের আবেদন শর্তসাপেক্ষ মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেন।
এক লাখ টাকা জিম্মায় কায়সারের জামিন আবেদন মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ ট্রাইব্যুনালে হাজির ছিলেন কায়সার।
ট্রাইব্যুনাল জামিনের কিছু শর্ত দেন। শর্ত অনুযায়ী কায়সারের পাসপোর্ট ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দিতে হবে। তিনি ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া বাসার বাইরে যেতে পারবেন না। কোনো রাজনৈতিক দল বা নেতার সঙ্গে সাক্ষাত্ করতে পারবেন না।
ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, কায়সারের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তাঁকে জামিন দেওয়া হলো। তবে শর্ত ভঙ্গ করলে, তাঁর জামিন বাতিল হয়ে যাবে।
গত ১৫ মে সুষ্ঠু তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কায়সারকে গ্রেপ্তারের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কায়সারকে আটক রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি ভেঙে গেলে বিএনপিতে শাহ আজিজুর রহমানের নেতৃত্বাধীন দলের যুগ্ম মহাসচিব হন কায়সার। এরপর এরশাদ ক্ষমতায় এলে কায়সার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি জাতীয় পার্টির হুইপ এবং পরে ’৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হন।