শর্তহীন সংলাপ আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার নিয়ে বিরাজমান সংকট ও উদ্বেগজনক অচলাবস্থা দূর করতে প্রধান দুই দলের মধ্যে শর্তহীন সংলাপ অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে ঐক্য ন্যাপ।
গত শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান দলটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ককটেল, পেট্রল বোমানির্ভর তিন দফা হরতালে এক আতঙ্কের জনপদে পরিণত হয়েছে এই শহর। গণতান্ত্রিক হরতাল আজ সাংবাদিকসহ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে চলেছে। এর আড়ালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এক আসল যুদ্ধ-প্রস্তুতি চলছে। এর মূল উদ্দেশ্য হলো, মানবতাবিরোধী অপরাধের চলমান বিচার অকার্যকর করা। পরিকল্পিতভাবে ধর্মীয় জাতীয় সংখ্যালঘুদের নির্মূল করাও এর উদ্দেশ্য বলে উল্লেখ করা হয় বক্তব্যে।
সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াত-হেফাজতসহ ধর্মান্ধ জঙ্গি শক্তির প্রতি সরকার, প্রধান বিরোধী দলসহ সবাইকে আপসকামী, দ্বিধাগ্রস্ততা ও দোদুল্যমানতা দূর করতে হবে। নয়তো গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ বিপন্ন হবে। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এস এম এ সবুর, এম এ গণি প্রমুখ। বিজ্ঞপ্তি।