
শর্তহীনভাবে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকরসহ বিভিন্ন দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা দেশের বিভিন্ন স্থানে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। পরে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকনেতারা।
ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় বেসরকারি কলেজের কর্মরত শিক্ষক ও কর্মচারীদের গত জুলাই থেকে অষ্টম বেতন স্কেল চালু করার দাবি জানানো হয়।
ময়মনসিংহ: বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা শাখা শহরের গাঙ্গিনারপারে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
ফরিদপুর: দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা ও সদর উপজেলা শাখার শিক্ষক-কর্মচারীরা। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
কুড়িগ্রাম: দুপুরে কলেজ মোড়ে সাধারণ পাঠাগার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে জেলা কালেক্টরেট মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের দাবি পূরণ না করা হলে বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
নেত্রকোনা: সকাল সাড়ে ১০টার দিকে আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সখীপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের সখীপুরের মুখতার ফোয়ারা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
লোহাগড়া (নড়াইল): বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার উদ্যোগে সকালে বিক্ষোভ মিছিল শেষে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিরামপুর (দিনাজপুর): বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একই দাবিতে হাকিমপুরে এমপিওভুক্ত শিক্ষকেরা মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি দেন।
পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় শেখ রাসেল স্কয়ারে বেলা ১১টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা মানববন্ধন করেন।