শর্তে এমপিও পাচ্ছেন আন্দোলনরত গ্রন্থাগারিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাঁচ হাজার সহকারী গ্রন্থাগারিককে শর্ত সাপেক্ষে এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অনুদান) করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

গতকাল বুধবার শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুনের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এ বিষয়ে ফাহিমা খাতুনের কাছে জানতে চাইলে তিনি এখনই কিছু বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলেছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিলেটে অবস্থান করছেন। তিনি ঢাকায় ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে।  

নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, যাঁদের নিয়োগ-প্রক্রিয়া সঠিকভাবে হয়েছে এবং যাঁরা চলতি বছরের জানুয়ারির মধ্যে এমপিওভুক্তির জন্য আবেদন করেছেন, কেবল তাঁরাই তিন বছরের মধ্যে সরকার- স্বীকৃত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রন্থবিজ্ঞান বিষয়ে ডিগ্রি অর্জন করবেন—এমন শর্তে এমপিওভুক্ত করা হবে। আর ওই ডিগ্রি অর্জনের আগ পর্যন্ত এক ধাপ নিচের স্কেলে বেতন পাবেন তাঁরা। তিন বছরের মধ্যে যখন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রন্থবিজ্ঞান বিষয়ে ডিগ্রি অর্জন করবেন, তখনই পুরো স্কেল পাবেন।

তবে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাস থেকে যাঁরা সনদ অর্জন করেছেন, সেসব সনদ যাচাই করার মাধ্যমে তাঁদের শর্ত ছাড়াই এই সুবিধা দেওয়া হবে।

কয়েক হাজার গ্রন্থাগারিক বিভিন্ন অখ্যাত-অনুমোদনহীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রন্থবিজ্ঞান বিষয়ে ডিগ্রি অর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ পান। কিন্তু অনুমোদনহীন প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়ায় সরকার তাঁদের এমপিওভুক্তি করেনি। ফলে কিছুদিন ধরে এমপিওভুক্তির দাবিতে লাগাতার আন্দোলন করছেন গ্রন্থাগারিকেরা। আজ বৃহস্পতিবারও তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করছেন। মূলত আন্দোলনের কারণেই সরকারের শেষ সময়ে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হলো।