বিভিন্ন শর্তের বেড়াজালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের বিউটি পারলার ‘অপ্সরা’ বন্ধ হওয়ার পথে। অপ্সরার পরিচালনাকারী আইনুন নাহার প্রথম আলোকে বলেছেন, হল কর্তৃপক্ষ যে শর্ত দিচ্ছে, তাতে পারলার পরিচালনা করা সম্ভব নয়। বন্ধ হওয়ার প্রক্রিয়া হিসেবে এক সপ্তাহ ধরে ‘অপ্সরা’ বন্ধ আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর মধ্যে প্রথম পারলার হিসেবে ২০১২ সালে কবি সুফিয়া কামাল হলে অপ্সরা যাত্রা শুরু করে। হলের প্রায় দেড় হাজার শিক্ষার্থী, নারী শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত ব্যক্তিদের আত্মীয়স্বজন এই পারলার ব্যবহার করতেন। যাঁরা নিয়মিত এ পারলারে বিভিন্ন সেবা নিতে আসতেন, তাঁরা পারলার বন্ধের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
হলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, হলের মধ্যে পারলার থাকায় সাজসজ্জা, চুল কাটা থেকে শুরু করে বিভিন্ন সেবা নেওয়া সম্ভব হয়েছে। যানজটের মধ্যে রিকশা ভাড়া করে বেশি মূল্যে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজন হতো না। বাড়তি সময়ও নষ্ট হতো না। বিউটি পারলারটি নিয়ে ছাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি হল কর্তৃপক্ষকে।
হল কর্তৃপক্ষ এক নোটিশে জানায়, সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বিউটি পারলার খোলা রাখতে হবে। হল গেটে পারলারের এন্ট্রি খাতা থাকবে, সেখানে পরিচালক ও কর্মীকে আসা-যাওয়ার সময় লিখতে হবে। সময়মতো আসা-যাওয়া না করলে জরিমানা দিতে হবে। জরিমানা না দিলে জামানতের অর্থ থেকে অর্থ আদায় করা হবে। বাইরে থেকে কেউ সেবা নিতে চাইলে হল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা দিতে হবে। পারলারের গ্রাহকদের পারলারে ঢোকার আগে অফিস থেকে ‘মানি রিসিট’ কাটতে হবে। এ ছাড়া হল পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ আগস্টের মধ্যে পারলারের সাজসজ্জা পরিবর্তন করে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন এবং আরও একটি শয্যা বাড়াতে হবে। কোনো কারণে পারলার বন্ধ রাখতে হলে পারলার পরিচালনা কমিটির অনুমতি নিতে হবে। তা না হলে দৈনিক ৫০০ টাকা হারে জরিমানা করা হবে।
এসব শর্ত প্রসঙ্গে আইনুন নাহার প্রথম আলোকে বলেন, ‘হল কর্তৃপক্ষের দেওয়া বিভিন্ন শর্ত না মানলে আমার জামানতের টাকা থেকে অর্থ কেটে রাখা হবে বলা হয়েছে। তাই চলে যেতে বাধ্য হচ্ছি। হলের বেশির ভাগ ছাত্রী তেমন একটা মেকআপ করতে আসেন না। এলেও তা হালকা মেকআপের জন্য আসেন। তাই এ পারলারে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র না থাকলেও চলে। ছাত্রীরা বাইরের পারলারের তুলনায় খুব কম খরচে এখান থেকে বিভিন্ন সেবা নেন। ফলে আয় কম। এত কম আয়ে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বসানো সম্ভব না। এদিকে জামানতের টাকা ফেরত দিতেও গড়িমসি করা হচ্ছে।’
হলের প্রভোস্ট অধ্যাপক সাবিতা রেজওয়ান রহমান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ‘হলের প্রশাসনিক ব্যাপার, তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।’