শল্যচিকিৎসক না থাকায় কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। হাসপাতাল প্রতিষ্ঠার পর প্রায় ৩১ বছর ধরে এই পদ শূন্য থাকায় সেবা থেকে এলাকার চার লাখ মানুষ বঞ্চিত হলেও তা দেখার কেউ নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে উপজেলায় ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুত্বপূর্ণ পদের মধ্যে শল্যচিকিৎসকের পদ থাকলেও এই পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে বন্ধ রয়েছে হাসপাতালের অস্ত্রোপচার কার্যক্রম। এতে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের চার লাখ মানুষ সেবা পাচ্ছে না।হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ৩১ শয্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। এতে ২৮টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ পদ শল্যচিকিৎসক। এর পরও ওই পদটি শূন্য রয়েছে। ২৮টি পদের মধ্যে আছেন মাত্র ছয়জন চিকিৎসক। ১৪ জন সেবিকার মধ্যে আছেন মাত্র একজন। এ কারণে হাসপাতাল চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার বাসিন্দা আনোয়ার হোসেন ও আজিজুল করিম জানান, অস্ত্রোপচার সেবার কার্যক্রম বন্ধ থাকায় এ এলাকার রোগীরা বিপাকে পড়েছে। বড় ধরনের অপারেশনের রোগীরা হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মাহফুজুল হক জানান, হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে শল্যচিকিৎসকের পদটি শূন্য থাকায় অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। শল্যচিকিৎসকসহ অন্যান্য লোকবল নিয়োগের জন্য ওপরে অনেক লেখালেখি করেও কোনো কাজ হয়নি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল মাবুদ জানান, এ এলাকার যোগাযোগব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে চিকিৎসকেরা এখানে আসতে চান না। যোগাযোগব্যবস্থা উন্নত না হওয়া পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসক-সংকট লেগেই থাকবে বলে তিনি মন্তব্য করেন।