শশাখালী খাল দখল করে স্থাপনা নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার গোদাশিমলা গ্রামে শশাখালী খালের জায়গায় পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
জামালপুর সদর উপজেলার গোদাশিমলা গ্রামে শশাখালী খালের জায়গায় পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

জামালপুর সদর উপজেলার গোদাশিমলা গ্রামে শশাখালী খালের জমি দখল করে দুই ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন। এরপরও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, খালটি ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়েছে। প্রায় ৩৫ বছর আগে এলাকার কৃষকেরা সেচের সুবিধার জন্য খালটি আরও খনন করেন। খালটি বানারেরপাড় থেকে শ্রীরামপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার লম্বা। এখন সেচকাজের জন্য তেমন একটা ব্যবহার না হলেও পানিনিষ্কাশনের একমাত্র পথ খালটি। গত তিন সপ্তাহে গোদাশিমলা এলাকার অংশে খালটির ওপর রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান নামের দুই ব্যক্তি পাকা ঘর তৈরি শুরু করেছেন।

গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, খালটির পাড় থেকে ভেতরের দিকে প্রায় ১০ ফুট পর্যন্ত কংক্রিটের পিলার নির্মাণ করা হয়েছে। ঢালাইয়ের কাজের জন্য পিলারের ওপরে রড বসানো হয়েছে। খালের পাড়ের অংশে মাটিও ভরাট হয়েছে। ওই স্থানে দেয়াল তৈরি করা হয়েছে। এসব স্থাপনা নির্মাণের জন্য খালের প্রায় ২ শতাংশ জায়গা দখল করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর, ৬-এর ঙ উপধারায় উল্লেখ করা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইনে যা কিছু থাকুক না কেন, জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। এই আইন লঙ্ঘন করে রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান খালের জমিতে পাকা ভবন নির্মাণ করছেন।

গোদাশিমলা গ্রামের এক ব্যক্তি নাম গোপন রাখার শর্তে বলেন, গ্রামের পানিনিষ্কাশনের একমাত্র পথ খালটি। দখলের কারণে এটি অনেকটাই ছোট হয়ে এসেছে। এর মধ্যে রফিকুল ইসলাম ও হাবিবুর রহমান খালের ওপর পাকা ঘর নির্মাণ করছেন। ফলে বর্ষা মৌসমে পানিনিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হবে। সরকারি খাল এভাবে দখল হলেও প্রশাসনের নজরদারি নেই। তাঁরা প্রভাবশালী হওয়ার কারণে কেউ কাজে বাধা দিতেও সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বেলা দেড়টার দিকে রফিকুল ইসলামের বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। তাঁর মা লিলি বেগম বলেন, ‘গরুর খামার করার জন্য খালের কিছু অংশে কয়েকটি পিলার গেছে। খালের জমি হয়ে থাকলে সরকার চাইলে ভেঙে ফেলা হবে। সেখানে দেয়াল করা হয়নি। পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না।’

হাবিবুর রহমান বলেন, ‘খালের সঙ্গেই আমার বাড়ি। ভাঙনের কারণে আমার কিছু জমি খালে গিয়েছে। সেখানেই ঘর নির্মাণ করছি। খালের জমি হয়ে থাকলে সংশ্লিষ্ট প্রশাসনের লোকজন এসে পরিমাপ করে দেখবে। খালের মধ্যে যদি ঘর গিয়ে থাকে প্রয়োজনে ভেঙে দেব।’

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ‘খাল বা জলাধার বন্ধ করে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। পরিবেশ আইনের পক্ষে আমাদের অবস্থান অটল। সেখানে সরেজমিনে দেখা হবে। খালির জমির মধ্যে যদি পাকা ঘর নির্মাণ হয়ে থাকে তা ভেঙে ফেলার ব্যবস্থা করা হবে।’