শশী থারুরকে বাংলাদেশের গল্প শোনালেন মামুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্ন্যান্স সম্মেলনে বাংলাদেশের মোহাম্মদ মামুন ও ভারতের সাংসদ শশী থারুর। ছবি: সংগৃহীত
এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্ন্যান্স সম্মেলনে বাংলাদেশের মোহাম্মদ মামুন ও ভারতের সাংসদ শশী থারুর। ছবি: সংগৃহীত

তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। সেই বাংলাদেশের তরুণদের গল্প জানার আগ্রহ আছে ভারতের কূটনীতিক সাংসদ শশী থারুরের। ভারতের দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্ন্যান্স ২০২০ সম্মেলনে বাংলাদেশের মোহাম্মদ মামুন মিয়ার কাছ থেকে বাংলাদেশের গল্প শুনেছেন কংগ্রেসের এই সাংসদ।

এ বছরের ৯ থেকে ১৮ জানুয়ারি ২৮ দেশের ৪৮ জন তরুণ অংশ নেন এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্ন্যান্স সম্মেলনে। বাংলাদেশ থেকে অংশ নেন ইউনাইটেড নেশন্স ইয়ুথ ও স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউএনওয়াইএসএবি) ট্রাস্টি বোর্ড সদস্য মামুন মিয়া ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্স অ্যাফেয়ার্স ডিরেক্টর ও সিনিয়র লেকচারার পারিসা সাকুর।

সম্মেলনের স্লোগান ছিল ‘২১২০: নেভিগেটিং দ্য আলফা সেঞ্চুরি’। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের আয়োজনে আগামী শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তারুণ্যের অংশগ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে। সম্মেলনের সংযুক্তি হিসেবে রাইজিনা ডায়ালগে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হুপার, আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইসহ ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া আর ভুটানের রাজনীতিবিদেরা। সম্মেলনে আগামীর নেতৃত্বে তারুণ্যের অংশগ্রহণে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন মামুন মিয়া।

ভারতের দিল্লিতে এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্ন্যান্স সম্মেলনে অতিথিরা। ছবি: সংগৃহীত
ভারতের দিল্লিতে এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্ন্যান্স সম্মেলনে অতিথিরা। ছবি: সংগৃহীত

শশী থারুরকে সম্মেলনে বাংলাদেশের গল্প শোনান মামুন মিয়া। তিনি জানান, ‘বাংলাদেশের অনেক সামাজিক অগ্রগতি আছে। তরুণ ও নারীশক্তিকে ভর করে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নিজেকে অনেকটা সামনে এগিয়ে নিয়ে গেছে। বাংলাদেশের কাজ ভারতের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় উদাহরণ হিসেবে দেখা হয়। বাংলাদেশ নিয়ে শশী থারুরের আগ্রহ আছে। বিশেষ করে বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে, তা নিয়ে জানার আগ্রহ আছে তার। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অগ্রগতি সম্পর্কে উন্নয়নশীল দেশগুলোর আগ্রহের কথা জেনেছি।’

সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ, ভবিষ্যতের রাষ্ট্রব্যবস্থা, নারীদের এগিয়ে চলা, রাষ্ট্রীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন ভারত, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকেরা।

*নাগরিক সংবাদের জন্য লেখাটি পাঠিয়েছেন নিশাত আনজুম