শশীদল স্টেশনে যাত্রাবিরতি করবে চট্টলা এক্সপ্রেস
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনে ঢাকা ও চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতি করবে। কাল শুক্রবার থেকে ট্রেন দুটির যাত্রাবিরতির আদেশ কার্যকর হবে। শশীদল রেলস্টেশন সূত্রে জানা যায়, পূর্বাঞ্চল রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষের এক আদেশে জানানো হয়, ২৩ নভেম্বর থেকে চট্টলা এক্সপ্রেস ৬৭ নম্বর আপ ও ৬৮ নম্বর ডাউন ট্রেন শশীদল স্টেশনে যাত্রাবিরতি করবে। ৬৭ নম্বর আপ ট্রেনটি ১২টা ৩৫ মিনিটে শশীদল স্টেশনে পৌঁছে ১২টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ৬৮ নম্বর ডাউন ট্রেনটি দুইটা ৩৯ মিনিটে শশীদল পৌঁছে দুইটা ৪১ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে। উভয় ট্রেন দুই মিনিট করে শশীদল স্টেশনে যাত্রাবিরতি করবে। পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সুকুমার ভৌমিক যাত্রাবিরতির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ২৩ নভেম্বর থেকে ওই আদেশ কার্যকর হবে।