শসা চাষে ভাগ্যবদল
বছর তিনেক আগের কথা। যে ফসলই আবাদ করতেন, লোকসান গুনতেন গ্রামের চাষিরা। হঠাৎ একজন শুরু করলেন শসার আবাদ। প্রথম বছরেই লাভের মুখ দেখলেন তিনি। তাঁর দেখাদেখি অন্যরাও সেদিকে ঝুঁকলেন। এরপর শুধুই সাফল্যের গল্প।
এ গল্প পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের। ব্যাপকভাবে শসার আবাদ হওয়ায় গ্রামটি এখন ‘শসা গ্রাম’ নামেই পরিচিত হয়ে উঠেছে। আর মিলন হোসেন, যিনি শসার আবাদ প্রথম শুরু করেছিলেন, সবাই তাঁকে চেনে ‘শসা মিলন’ নামে।
পাবনার সদর উপজেলার আতাইকুলা বাজার থেকে ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে যাওয়ার পাকা সড়কটির পাশেই মাদারবাড়িয়া গ্রাম। পিচঢালা সড়কের একপাশে গ্রাম, অন্যপাশে ফসলের মাঠ। গ্রামে ঢুকতেই চোখে পড়ে শসার রাজত্ব। কেউ মাঠ থেকে শসা তুলছে, কেউ বাড়ির উঠানে শসা বস্তাবন্দী করছে। ছোট-বড় সবাই ব্যস্ত শসা নিয়ে।
গত বৃহস্পতিবার গ্রামের শসাচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের পাশের ফসলের মাঠটি অপেক্ষাকৃত নিচু। আগে সেখানকার বেশির ভাগ জমিতেই মরিচের আবাদ হতো। এ ছাড়া পটোল, ঝিঙেসহ প্রচলিত ফসলেরও চাষ হচ্ছিল। কিন্তু একটু বৃষ্টিতেই পানি জমে গাছ নষ্ট হয়ে যেত। এর ফলে চাষিরা নিয়মিতই লোকসান গুনতে বাধ্য হচ্ছিলেন। গ্রামে অভাব লেগেই থাকত। ২০১২ সালে মাঠের এক কোণে মিলন হোসেন শসার আবাদ শুরু করেন। প্রথম বছরেই তিনি লাভের মুখ দেখেন। তাঁর দেখাদেখি পরের বছর আরও তিনজন শসার আবাদ করে লাভবান হন। এরপর থেকে শসাচাষির সংখ্যা ও চাষ করা জমির পরিমাণ বেড়ে চলেছে। চলতি বছর ৫০ জন কৃষক শসার আবাদ করেছেন। গ্রামের ৬০ ভাগ মানুষই এখন শসা উৎপাদনে যুক্ত। এবার অন্তত ৭০ বিঘা জমিতে শসার আবাদ হয়েছে। এ মৌসুমে প্রতিদিন এই গ্রামে ৮০০ থেকে ১ হাজার মণ শসা উৎপাদন হচ্ছে। পাইকাররা তা কিনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন।
শসাচাষি মিলন বলেন, প্রথমবার তিনি ১২ শতক জমিতে শসার আবাদ করেছিলেন। এবার করেছেন দেড় বিঘায়। খরচ হয়েছে ৩০ হাজার টাকা। এক মৌসুমে ৭০ দিন পর্যন্ত জমি থেকে শসা তোলা যায়। এবার এক দিন অন্তর তাঁর দেড় বিঘা জমি থেকে শসা উঠবে প্রায় ৪০-৫০ মণ করে। সে হিসাবে ৭০ দিনে তিনি প্রায় ২ লাখ টাকা আয় করতে পারবেন।
আরেক চাষি শামীম হোসেন বলেন, আগে তাঁরা যে মরিচের চাষ করতেন সে জন্য মাটি উঁচু করে নিতে হতো। এতে পাশে তৈরি হতো নালা। একটু বৃষ্টি হলেই সেখানে পানি জমে মরিচের গাছ নষ্ট হতো। আর অন্য ফসলের দামও খুব ওঠা-নামা করে। তবে শসা সমতল মাটিতেই হয়। ফলে খেতে পানি জমে ফসল নষ্ট হয় না। তা ছাড়া সারা বছর শসার চাহিদাও থাকে বেশ। এখন বাজারে শসার দাম কম হলেও সামনে রমজান মাসে দাম আবার বেড়ে যাবে।
এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা এ আই শাহীন বলেন, ‘মাদারবাড়িয়া গ্রামের মাটি শসা চাষের জন্য বেশ উপযোগী। এর ফলে হঠাৎ করেই সেখানে শসার আবাদ বেড়েছে। চাষিরাও লাভের মুখ দেখছেন। আমরা শসা চাষে তাঁদের উৎসাহ দিচ্ছি।’