শস্য ঋণ শোধ করবেন কী করে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরমা গ্রামের ৩৪ জন কৃষক শস্য ঋণের দায়ে জর্জরিত। ভিটেমাটি সব গেছে পদ্মার পেটে। নিঃস্ব হয়ে পড়েছেন। আশ্রয় নিয়েছেন গ্রামের কবরস্থানে। এদিকে ঋণের সুদ বেড়েই চলেছে। কয়েকজনের বিরুদ্ধে ঋণখেলাপির মামলাও হয়েছে। অন্যরাও ভুগছেন মামলার আতঙ্কে। কী করে ঋণ পরিশোধ করবেন তাঁরা?

জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জমিজমা থাকার সময় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চর অনুপনগর শাখা থেকে শস্য ঋণ নিয়েছিলেন হরমা গ্রামের ৩৬ জন কৃষক। এরপর পদ্মা নদীর ভাঙনে তাঁদের ৩৪ জনের জমিজমা তো গেছেই, বসতভিটাও হারিয়েছেন। তাঁরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। ঋণ পরিশোধের সামর্থ্য নেই। চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে সুদ।

হরমা গ্রামের নাইমুল হক প্রথম আলোকে বলেন, তাঁর ১৫ বিঘা জমি ছিল। সাত বছর আগে সব জমিই পদ্মার পেটে চলে যায়। বসতভিটা গেছে দুই বছর আগে। এখন তিনি গ্রামের কবরস্থানের এক পাশে থাকেন। ঋণ নিয়েছিলেন ৩০ হাজার টাকা। সুদে-আসলে হয়েছিল ৬০ হাজার। পরে ১৫ হাজার টাকা পরিশোধ করেন। আর কোনো টাকা পরিশোধের সামর্থ্য তাঁর নেই।

আয়েস উদ্দীন বলেন, পদ্মার ভাঙনে তাঁর আট বিঘা জমি বিলীন হয়ে গেছে। বসতভিটাও নেই। তিনিও বসবাস করেন কবরস্থানের জমিতে।

জমিজমা ও বসতভিটা হারিয়ে একই গ্রামের কবরস্থানে বসবাসকারী সেরাজুল ইসলাম বলেন, ‘দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় আমার বাবা আবদুর রাজ্জাক নিহত হন। কিন্তু এখন তাঁর নেওয়া ঋণের দায় আমার মাথার ওপর। ঋণ পরিশোধ করতে না পারলে বাবা ঋণী হয়ে থাকবেন। পরকালে কষ্ট পাবেন। এই ভেবে দারুণ কষ্টে আছি। কিন্তু পেটের ভাতই জুটছে না। ঋণ পরিশোধ করব কেমন করে?’

মৃত স্বামী আবদুল মান্নানের ঋণের ব্যাপারে প্রায় একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাবনুর বেগম। তিনি আরও বলেন, তাঁদের ১০ বিঘা জমির সবই গেছে পদ্মার পেটে।

এদিকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন আবদুর রশিদ। চিকিৎসার খরচ ও পেটের ভাতই জুটছে না ঠিকমতো। এর ওপর রয়েছে ঋণের জ্বালা।

স্থানীয় দেবীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ঋণ গ্রহীতা ৩৬ জনের মধ্যে ৩৪ জনই নিঃস্ব হয়ে গ্রামের কবরস্থানের জায়গায় বসবাস করছেন। তাঁদের কারোরই ঋণ পরিশোধের সামর্থ্য নেই। ব্যাংক কর্তৃপক্ষের উচিত হবে তাঁদের ঋণ মওকুফ করে দেওয়া।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চরঅনুপনগর শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান বলেন, ‘ঋণ মওকুফের ব্যাপারটি সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এ ক্ষেত্রে আমাদের করার কিছু নেই।’