শস্য ও বীজের দায়িত্ব নারীদের ওপর ছেড়ে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশবান্ধব অর্থনীতির জন্য শস্য উৎপাদন ও বীজ সংরক্ষণের দায়িত্ব পুরোপুরি নারীদের হাতে ছেড়ে দিতে হবে। মুষ্টিমেয় প্রতিষ্ঠান নানা যুক্তিতে শস্য, ভূমি ও পানির অধিকার সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। বাঁচতে হলে দক্ষিণ এশিয়ার নারীদের এই আগ্রাসন রোধ করতে হবে।দক্ষিণ এশীয় নারীদের সংগঠন ‘সোয়ান’-এর তৃতীয় সম্মেলনে গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘দক্ষিণ এশীয় নারী ও পরিবেশবান্ধব অর্থনীতি’র আলোচনায় বক্তারা এ কথা বলেন। তাঁরা শস্য উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত সর্বত্র নারীদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।প্রধান আলোচক বন্দনা শিভা বলেন, বর্তমান বিশ্বে পরিবেশবান্ধব অর্থনীতি দুটি ধারণার ওপর প্রতিষ্ঠিত। এক. পুঁজিবাদ ও পিতৃতান্ত্রিকতা যেখানে মানুষের জন্য ব্যবসা পরিচালিত হয় না, লোভ আর লাভই একমাত্র চালিকাশক্তি। দুই. ইকোফেমিনিজম যেখানে পরিবেশের সুরক্ষা ও নারীবাদ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পুঁজিবাদ ও পিতৃতান্ত্রিক ব্যবস্থায় জ্বালানির বিকল্প হিসেবে শস্য ব্যবহূত হচ্ছে। খাবারের দাম বাড়ছে, বন উজাড় হচ্ছে। কয়েকটি প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছ থেকে বীজের অধিকার কেড়ে নিচ্ছে, জিনপ্রযুক্তিতে তৈরি শস্য বাজারজাত করার চেষ্টা চালাচ্ছে। কৃষক এসব বীজ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দলে দলে আত্মহত্যা করছেন।ভারতে ৭০ হাজার কৃষকের সংগঠন ‘নাভদায়ানা’ ও বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশবিষয়ক একটি প্রতিষ্ঠানের পরিচালক বন্দনা শিভা আরও বলেন, ভারতে তুলার পর বিষাক্ত উপাদানে তৈরি বেগুনবীজ বিপণনের চেষ্টা হয়েছিল। ওখানে বাধা পেয়ে এখন বাংলাদেশে গোল্ডেন রাইস ও বিটি ব্রিঞ্জাল উদ্ভাবনের চেষ্টা চলছে। যদিও এ কথা এখন প্রমাণিত যে, নারী তার নিজস্ব জ্ঞান দিয়ে জীববৈচিত্র্য রক্ষা করতে পারে। বিপুলসংখ্যক মানুষের আহার জোগাতে পারে।শ্রীলঙ্কার সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক উচিতা ডি জয়সা বলেন, পরিবেশবান্ধব অর্থনীতি নিশ্চিত করতে নিরন্তর যুদ্ধ করে যেতে হবে। এই যুদ্ধ বিকল্প শিশুখাদ্যের বিরুদ্ধে মায়ের দুধের পক্ষে যুদ্ধ, বহুতল ভবনের কাছেই বস্তিবাসীদের টেকসই উন্নয়নের জন্য যুদ্ধ। বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ার নারীরা প্রকৃতির সবচেয়ে কাছে থেকে নিজেদের পরিবারকে টিকিয়ে রাখে। তারা জ্বালানিসাশ্রয়ী, নিরাপদ ও সুস্থ জীবনযাপনের জন্য শস্য উৎপাদন থেকে বীজ সংরক্ষণ পর্যন্ত সব কাজ করে। বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান বলেন, পরিবেশবান্ধব অর্থনীতি নিশ্চিত করতে নারীদের উদ্যোগ নিতে হবে নারীদেরই স্বার্থে। সাউথ এশিয়া উইমেনস নেটওয়ার্কের আহ্বায়ক ও ফোর্ড ফাউন্ডেশনের চেয়ার বীণা সিক্রি সম্মেলনের শুরুতেই বলেন, দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি সরকারের সঙ্গে সরকারের আলোচনা হতে দেখেছেন, কিন্তু সেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হয় না। সে চিন্তা থেকেই ২০০৯ সালে সোয়ানের সৃষ্টি। বর্তমানে এর সদস্যসংখ্যা নয়। গতকাল বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সার্ক চেম্বার উইমেন এন্ট্রাপ্রেনিউরস কাউন্সিলের চেয়ারপারসন নেপালের প্রমীলা আচারিয়া রিজাল, শ্রীলঙ্কার সুপ্রিম কোর্টের বিচারপতি শিরানি তিলাকাওয়ার্দানে, আফগানিস্তানের সাংসদ শিঙ্কাই যাহিন কারোখাইল, পাকিস্তানের দি নিউজ পত্রিকার সম্পাদক মারিয়ানা বাবর, সোয়ানের স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা-বিষয়ক সমন্বয়ক ভারতের মিরা শিভা, শিক্ষাবিষয়ক সমন্বয়ক রাশেদা কে চৌধুরী, হস্তশিল্পবিষয়ক সমন্বয়ক জয়া জেটলি, সংবাদমাধ্যমে নারীবিষয়ক সমন্বয়ক নন্দিনী সাহাই, উবিনীগের নির্বাহী পরিচালক ফরিদা আখতার প্রমুখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, সিডওর সাবেক চেয়ারপারসন সালমা খান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান প্রমুখ।