শস্যবিমা চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি
কৃষকদের চাষাবাদে আরও উত্সাহিত করতে শস্যবিমা চালু করার সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি শওকত মোমেন শাজাহানের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, আবুল কালাম আজাদ, আবদুল মান্নান, কে এম খালিদ, নুরজাহান বেগম এবং আহমেদ নাজমীন সুলতানা উপস্থিত ছিলেন। সভায় সরকারের অনুমোদন ছাড়া কৃষিজমি অন্য কোনো কাজে ব্যবহার করতে না দেওয়ার সুপারিশ করা হয়। এ ব্যাপারে সরকারের বিভিন্ন সংস্থাকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি শওকত মোমেন সাংবাদিকদের বলেন, শস্যবিমা চালু করার সুপারিশ কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিমাসংক্রান্ত কাজ অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকায় এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। সভায় পশ্চিমবঙ্গে সদ্য শস্যবিমা চালু করার বিষয়টি উল্লেখ করে বলা হয়, এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য সংসদীয় কমিটি ভারত সফরে যাবে। শওকত মোমেন আরও বলেন, কৃষিজমি ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় কৃষিজমির জন্য নতুন নীতিমালা প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে। কৃষিজমিতে বসবাসের জন্য নতুন আবাসন তৈরি করার ক্ষেত্রে এ নীতিমালা প্রণয়ন করা হবে। কৃষি, ভূমি, পরিবেশ ও বন মন্ত্রণালয় যৌথভাবে বসে এ বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে নীতিমালা হলে যত্রতত্র বসতবাড়ি করা যাবে।